র্যাবের গুলিতে পা হারানো কলেজছাত্র লিমন হোসেনকে ঝালকাঠির জেলা প্রশাসকের দেওয়া আপস প্রস্তাবকে প্রহসন ও দূরভিসন্ধিমূলক বলে মনে করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। গতকাল বুধবার এক বিবৃতিতে টিআইবি জেলা প্রশাসকের এই আপস প্রস্তাবের প্রতিবাদ করেছে। একই সঙ্গে লিমনকে গুলি করে পঙ্গু করাসহ তাঁর অধিকার হরণকারী সংশ্লিষ্ট সবাইকে বিচারের আওতায় আনা ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা এবং লিমনের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছে টিআইবি।বিবৃতিতে টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, জেলা প্রশাসকের দেওয়া আপস প্রস্তাব নাগরিকের ন্যায়বিচারপ্রাপ্তির পথে প্রতিরোধক। এ প্রস্তাবের মাধ্যমে আবারও প্রমাণিত হলো, লিমনের বিরুদ্ধে র্যাবের মামলার যথার্থতা নেই। প্রশাসনের উচিত হবে দূরভিসন্ধিমূলক প্রস্তাবের মাধ্যমে অপরাধ ধামাচাপা না দিয়ে র্যাব-কর্মীদের অপরাধ নিরপেক্ষভাবে উন্মোচন করতে ভূমিকা রাখা। একজন নিরপরাধ তরুণের বিরুদ্ধে রাষ্ট্রযন্ত্রের এমন নির্মম আচরণ সম্পূর্ণ অগ্রহণীয় উল্লেখ করে এ ব্যাপারে প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেছে টিআইবি।