লিমনকে নির্যাতনের সঙ্গে জড়িতদের শাস্তি দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এইচএসসি পরিক্ষার্থী লিমন হোসেনকে নৃশংস নির্যাতনের সঙ্গে জড়িত ব্যক্তিদের শাস্তি দাবি করেছে প্রগতিশীল ছাত্রজোট। একই সঙ্গে সব ধরনের বিচারবহির্ভূত হত্যকাণ্ড বন্ধ করে বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার দাবি জানিয়েছে তারা। গতকাল রোববার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশের মধ্য দিয়ে এসব দাবি জানিয়েছে প্রগতিশীল ছাত্রজোট। ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে আজ সোমবার বিকেল সাড়ে চারটায় জাতীয় প্রেসক্লাব- মুক্তাঙ্গন এলাকায় কর্মসূচি পালন করবে ছাত্র ইউনিয়ন। দুপুরে মধুর ক্যানটিন থেকে বিক্ষোভ মিছিল বের করে প্রগতিশীল ছাত্রজোট। ক্যাম্পাসের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে সমাবেশ করে তারা। এ সময় বক্তারা বলেন, র‌্যাবের নির্মমতার হাত থেকে সাধারণ মানুষ ও ছাত্ররাও রেহাই পাচ্ছে না। তাঁরা বলেন, গত চার বছরে র‌্যাবের হাতে ৪৬৫ জন, পুলিশের হাতে ২২০ জন ও র‌্যাব-পুলিশের যৌথ বাহিনীর হাতে ৫৪ জন মারা গেছেন। তাঁরা কেউই বিচার পাননি। স্বাধীন দেশের নাগরিক হিসেবে সবার বিচার পাওয়ার অধিকার নিশ্চিত করার আহ্বান জানান তাঁরা। সমাবেশে বিপ্লবী ছাত্রমৈত্রীর সভাপতি আবদুর রউফ, সমাজাতান্ত্রিক ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মেহেদী হাসান, ছাত্র ফেডারেশনের কেন্দ্রীয় সদস্য সৈকত মল্লিক, ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তারেক প্রমুখ বক্তব্য দেন।