লিমনকে শিক্ষা-উপকরণ ও ঈদের পোশাক দিল বন্ধুসভা
র্যাবের গুলিতে পঙ্গু ঝালকাঠির লিমন হোসেনকে বই, নগদ অর্থ ও ঈদের পোশাক দিয়েছে প্রথম আলো বন্ধুসভা ঝালকাঠি। গত শনিবার দুপুর ১২টায় ঝালকাঠি প্রেসক্লাব মিলনায়তনে এ উপলক্ষে এক অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান ও ঝালকাঠি প্রেসক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত।
অনুষ্ঠানে প্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি আক্কাস সিকদার, উদ্বোধন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শ্যামল চন্দ্র সরকার, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদুজ্জামান, সাংস্কৃতিককর্মী বন্যা সাহা, সাংবাদিক শফিউল আজম, লিমনের মা হেনোয়ারা বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ঝালকাঠি বন্ধুসভার সভাপতি মো. শাহীন আলম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।
মোসলেম আলী খান ওয়েলফেয়ার ফাউন্ডেশন নামের একটি সমাজকল্যাণমূলক প্রতিষ্ঠানের সহযোগিতায় বন্ধুসভার পক্ষ থেকে লিমনকে দুই সেমিস্টারের ১০টি আইনবিষয়ক বই, শার্ট, নগদ দুই হাজার টাকা এবং লিমনের মাকে পবিত্র কোরআন শরিফ ও একটি শাড়ি দেওয়া হয়।
শিক্ষা-উপকরণ পেয়ে বর্তমানে ঢাকার গণবিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ের শিক্ষার্থী লিমন হোসেন বলেন, ‘র্যাব আমার পায়ে গুলি করে পঙ্গু করলেও আমাকে মানসিকভাবে দুর্বল করতে পারেনি। নানা প্রতিকূলতা পেরিয়ে আজ আমি সাভারের গণবিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে লেখাপড়া করছি। তবে আমাকে যারা পঙ্গু করেছে, আমি এখনো তাদের বিচার দেখতে পাইনি।’
২০১১ সালের ২৩ মার্চ বাড়ির কাছে মাঠে গরু আনতে গিয়ে র্যাবের গুলিতে একটি পা হারান ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের ওই সময়ের কলেজছাত্র লিমন হোসেন। ওই দিনই রাজাপুর থানায় বরিশাল র্যাব-৮-এর ডিএডি লুৎফর রহমান বাদী হয়ে লিমনের নামে দুটি মামলা করেন। একটি অস্ত্র আইনে, অপরটি সরকারি কাজে বাধাদানের অভিযোগে। বিষয়টি গণমাধ্যমে প্রকাশ ও প্রচার হলে ব্যাপক তোলপাড় হয়। পরে স্বরাষ্ট্র মন্ত্রণালয় দুটি মামলাই প্রত্যাহারের সিদ্ধান্ত নেয়। গত বছরের ২৯ জুলাই ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-১-এর বিচারক কিরণ শংকর হালদার অস্ত্র মামলার দায় থেকে লিমনকে অব্যাহতি দেন। প্রায় আড়াই বছর পর অস্ত্র মামলার দায় থেকে অব্যাহতি পেলেও বিচারক না থাকায় সরকারি কাজে বাধাদানের অভিযোগের দায় থেকে এখনো অব্যাহতি পাননি লিমন।