লিমনসহ সব নির্যাতনের বিচার দাবি
র্যা বের গুলিতে পা হারানো কলেজছাত্র লিমনের ঘটনাসহ রাষ্ট্রীয় সব নির্যাতনের বিচারের দাবিতে গতকাল সোমবার ঝালকাঠি, পটুয়াখালী ও পিরোজপুরে মানববন্ধন ও সমাবেশ হয়েছে। আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আইন ও সালিশ কেন্দ্রের সহযোগী সংগঠন হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের উদ্যোগে এসব কর্মসূচি পালন করা হয়। কর্মসূচিতে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ অংশ নেন। আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:ঝালকাঠি: প্রেসক্লাবের সামনে সকাল সাড়ে নয়টা থেকে ঘণ্টাব্যাপী মানববন্ধন চলাকালে হিউম্যান রাইটস ডিফেন্ডার্স ফোরামের জেলা সভাপতি হেমায়েত উদ্দিন, টিআইবির এলাকা ব্যবস্থাপক হুমায়ুন কবির, নারীনেত্রী ফারজানা ববি, জেলা মানবাধিকার কমিশনের সাধারণ সম্পাদক আবু সাঈদ খান, নাগরিক ফোরামের আহ্বায়ক আহমেদ আবু জাফর, উদীচী শিল্পীগোষ্ঠীর সাধারণ সম্পাদক গোলাম সাঈদ, জেলা ছাত্র ইউনিয়নের সভাপতি আসাদুর রহমান, সাংবাদিক আক্কাস সিকদার প্রমুখ বক্তব্য দেন। বক্তারা র্যা বের নির্যাতনের শিকার লিমনের বিরুদ্ধে দায়ের করা দুটি মামলা অবিলম্বে প্রত্যাহার ও তাঁকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানান। এ ছাড়া রাষ্ট্রীয় সব নির্যাতন বন্ধে কার্যকর পদক্ষেপ গ্রহণ ও ঘটনায় জড়িত ব্যক্তিদের শাস্তি প্রদানে তাঁরা সরকারের প্রতি অনুরোধ জানান। পটুয়াখালী: সকাল ১০টায় পটুয়াখালী প্রেসক্লাবের সামনে মানববন্ধন কর্মসূচি চলাকালে বক্তব্য দেন আদর্শ মহিলা সংস্থার পরিচালক আফরোজা আকবর, মুক্তিযোদ্ধা মানষ কান্তি দত্ত ও জেলা জাসদের সাধারণ সম্পাদক স ম দেলোয়ার হোসেন। বক্তারা মানবাধিকার সুরক্ষায় সরকারকে আরও আন্তরিক হওয়ার আহ্বান জানান। পিরোজপুর: সকাল ১০টায় শহরের ক্লাব সড়কে মানববন্ধনে বক্তব্য দেন পিরোজপুর পৌরসভার প্যানেল মেয়র মিনারা মাহাবুব, হিউম্যান রাইটস ডিফেন্ডারস ফোরাম পিরোজপুরের আহ্বায়ক রফিকুল ইসলাম, শিক্ষক রুহুল আমীন, সুজনের জেলা সম্পাদক শাহ আলম, সুপ্রর জেলা সম্পাদক মঈনুল আহসান, মানবাধিকার কমিশনের জেলা সম্পাদক নজরুল ইসলাম, জেলা আইনজীবী সমিতির সহসভাপতি শহীদুল্লাহ খান। বক্তারা রাষ্ট্রীয় বাহিনী কর্তৃক লিমনের নামে করা মিথ্যা মামলা প্রত্যাহার, লিমনের মায়ের করা মামলার বিচার ও লিমনকে পুনর্বাসনের দাবি জানান।