লিমনের অব্যাহতির আবেদনের আংশিক শুনানি অনুষ্ঠিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির রাজাপুরের কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনের মামলা থেকে অব্যাহতি চেয়ে করা আবেদনের আংশিক শুনানি অনুষ্ঠিত হয়েছে। ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২-এ গতকাল রোববার এ শুনানি হয়। বিচারক কিরণ শংকর হালদার আজ সোমবার বাকি শুনানির আদেশ দেন।র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব) লিমনের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলাটি করেছিল। তাঁর পক্ষে ২০১১ সালের ৩ জুলাই অস্ত্র মামলা থেকে অব্যাহতির আবেদন করা হয়েছিল। গতকাল লিমনের পক্ষে শুনানিতে অংশ নেন তাঁর আইনজীবী নাসির উদ্দিন, আক্কাস সিকদার, মানিক আচার্য্য ও হাসান সিকদার। সরকারপক্ষে মামলা পরিচালনা করেন অতিরিক্ত সরকারি কৌঁসুলি এম আলম খান। শুনানির সময় লিমন কাঠগড়ায় ও তাঁর মা হেনোয়ারা বেগম আদালতে উপস্থিত ছিলেন।শুনানিতে লিমনের আইনজীবীরা বলেন, ২০১১ সালের ২৩ মার্চ বিকেলে বাড়ির কাছে মাঠে গরু আনতে গেলে সন্ত্রাসী মোর্শেদ জমাদ্দার ভেবে একাদশ শ্রেণীর ছাত্র লিমনকে র্যাব ধরে নিয়ে পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। অচেতন অবস্থায় সে ঘটনাস্থলে পড়ে ছিল। একজন অচেতন কিশোরের কাছ থেকে র্যাব তখন কীভাবে একটি পিস্তল উদ্ধার করল? পুলিশের অভিযোগপত্রে র্যাব ও সন্ত্রাসীদের মধ্যে ১৫ মিনিট স্থায়ী বন্দুকযুদ্ধে ১৫টি গুলিবর্ষণের কথা বলা হলেও আলামত হিসেবে মাত্র একটি গুলির খোসা দেখানো হয়েছে। ওই ঘটনার পর র্যাব-৮-এর তৎকালীন উপসহকারী পরিচালক (ডিএডি) লুৎফর রহমান বাদী হয়ে লিমনসহ আটজনের বিরুদ্ধে রাজাপুর থানায় দুটি মামলা করেন। একটি অস্ত্র আইনে, অন্যটি সরকারি কাজে বাধাদানের অভিযোগে। অন্যদিকে লিমনের মা হেনোয়ারা বেগম তাঁর ছেলেকে হত্যাচেষ্টার অভিযোগে র্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে ২০১১ সালের ১০ এপ্রিল একটি মামলা করেন। এ মামলায় পুলিশ র্যাবের সদস্যদের অব্যাহতির সুপারিশ করে আদালতে প্রতিবেদন জমা দেয়। এই প্রতিবেদনের বিরুদ্ধে হেনোয়ারা বেগম নারাজি আবেদন করলে তাও খারিজ করে দেন আদালত। নারাজি খারিজের বিরুদ্ধে ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে আগামী ১৩ আগস্ট রিভিশনের শুনানি হবে।