
এসএসসি পাসের পরে লিমন হোসেন তখন এইচএসসি পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিলেন। ঝালকাঠির রাজাপুরের একটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষা দেওয়ার কথা ছিল তাঁর। পড়ার খরচ চালাতে ইটের ভাটায় কঠোর পরিশ্রমের কাজও বেছে নিতে হয়েছিল। এক পড়ন্ত বিকেলের কয়েক মুহূর্তে বদলে যায় লিমনের জীবন। মাঠে গরু আনতে যাওয়া লিমনকে সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারের সহযোগী ভেবে গুলি করেন র্যাব ৮–এর সদস্যরা। স্থানীয় লোকজন চাঁদা তুলে তাঁর চিকিৎসার খরচ চালান। লিমনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় আনা হয়। জীবন বাঁচাতে লিমনের গুলি লাগা বাঁ পা কেটে ফেলেন চিকিৎসকেরা। সে বছর আর এইচএসসি পরীক্ষা দিতে পারেননি তিনি।
গুলি করার পর বরিশালে র্যাব-৮-এর তৎকালীন উপসহকারী পরিচালক (ডিএডি) লুৎফর রহমান বাদী হয়ে লিমন এবং মোরশেদ জমাদ্দারসহ আটজনের বিরুদ্ধে রাজাপুর থানায় দুটি মামলা করেন। একটি অস্ত্র আইনে, অপরটি সরকারি কাজে বাধাদানের অভিযোগে। গণমাধ্যমের লেখালেখি এবং বিভিন্ন মানবাধিকার সংগঠন ও নাগরিক সমাজের সমালোচনার মুখে দুই বছর পরে লিমনের বিরুদ্ধে থাকা অভিযোগ প্রত্যাহার করে নেয় সরকার। তবে অন্যদের বিরুদ্ধে অভিযোগ বলবৎ ছিল। চলতি বছরের ৬ ফেব্রুয়ারি র্যাবের দায়ের করা অস্ত্র মামলায় মোরশেদ জমাদ্দারসহ সব আসামিই খালাস পেয়ে গেছেন।
গুলিবিদ্ধ হওয়ার সপ্তম বছরের দিন, গতকাল শুক্রবার কথা হয় সেই লিমনের সঙ্গে। লিমন বলেন, সাভারের গণবিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে পড়াশোনা করেছেন। স্নাতক (এলএলবি) শেষ হয়েছে। এখন কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ে এলএলএমে ভর্তি হয়েছেন। ঢাকায় এক আইনজীবীর সহকারী হিসেবে কাজ শুরু করবেন ১ এপ্রিল থেকে। মানবাধিকারের চরম লঙ্ঘনের শিকার লিমন এখন মানবাধিকার আইনজীবী হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন বলে জানান। তাঁর চিকিৎসা, বিচার পাওয়ার লড়াই ও লেখাপড়ার ক্ষেত্রে যাঁরা সহযোগিতা করেছেন, তাঁদের সবার প্রতি কৃতজ্ঞতা জানান লিমন।
এদিকে লিমনকে হত্যাচেষ্টার অভিযোগে তাঁর মা হেনোয়ারা বেগম ছয় র্যাব সদস্যের বিরুদ্ধে যে নালিশি মামলা করেছিলেন, এখনো তার নিষ্পত্তি হয়নি। লিমনের মায়ের আইনজীবী আক্কাস শিকদার গতকাল প্রথম আলোকে জানান, ছয় র্যাব সদস্যের বিরুদ্ধে লিমনকে হত্যাচেষ্টার অভিযোগে করা মামলাটির প্রমাণ মেলেনি দাবি করে পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেয়। সেই প্রতিবেদনের বিরুদ্ধে আদালতে নারাজি দেন লিমনের মা। আদালত সেই নারাজি খারিজ করে দেন। এরপর জেলা জজ আদালতে রিভিশন দায়ের করা হয় ২০১৩ সালে। দুই বছর আগে সেটি শুনানির জন্য অতিরিক্ত জেলা জজ আদালতে স্থানান্তর করা হয়। সেখানেও দুই বছর ধরে শুনানির জন্য ঝুলছে। পরবর্তী শুনানির তারিখ ধার্য আছে ১ এপ্রিল।
লিমন বলেন, তিনি গুলিবিদ্ধ হওয়ার পর তাঁর পরিবারটি দীর্ঘদিন গ্রামে থাকতে পারেনি। গত বছর তাঁর বাবা-মা গ্রামে ফিরে যান। সেখানে তাঁর বাবা এখন গবাদিপশু পালন করেন। এখনো মাঝেমধ্যে তিনি ভেবে পান না, কেন ওই বয়সের একটা ছেলেকে র্যাব এভাবে গুলি করতে গেল। ক্ষোভ হয়। তবে এখন নিজেকে মানিয়ে নিয়েছেন। এখন কেবল সামনে এগিয়ে যাওয়ার স্বপ্ন দেখছেন লিমন।