লিমনের ওপর নির্যাতনের প্রতিবাদে প্রতীকী নাটক
নিঝুম দ্বীপে হঠাৎ জলোচ্ছ্বাস। প্রাণ বাঁচাতে সবাই এদিক-ওদিক ছুটছে। আর মুন্নীর মা খুঁজছে তার আদরের মেয়েকে। জলোচ্ছ্বাসের হাত থেকে বাঁচতে জাহাজে চেপে নিরাপদ আশ্রয়ে চলে যায় দ্বীপের বাসিন্দারা। যেতে পারেনি মুন্নী। জলোচ্ছ্বাসের পানিতেই থেকে যায় ছোট মেয়েটি।রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় সবুজ পরি নামের প্রতীকী এই প্রতিবাদী নাটক গতকাল শুক্রবার মঞ্চস্থ হয়। এটি মঞ্চস্থ করে নারায়ণগঞ্জের ‘এই বাঙলায়’ নাট্যগোষ্ঠী। লিমনের ওপর নির্যাতনের প্রতিবাদে নাটকটির মঞ্চায়ন করা হয়।ঝালকাঠির নিরীহ কলেজছাত্র লিমনের বিরুদ্ধে নির্যাতন বন্ধ করার দাবিতে সংক্ষুব্ধ নাগরিক সমাজ আয়োজিত কর্মসূচির সঙ্গে একাত্মতা ঘোষণা করে নাটকটি মঞ্চায়িত হয়।মঞ্চায়ন শেষে নাটকের কলাকুশলীরা প্রথম আলোকে বলেন, ‘নাটকে রাষ্ট্রীয় সন্ত্রাসের বিষয়টি সরাসরি উপস্থাপন করা হয়নি। রাষ্ট্র অনেক সময় রক্ষকের ভূমিকা ছেড়ে ভক্ষক হয়ে ওঠে। তখন দুর্ভোগে পড়ে মানুষ।’ তাঁরা বলেন, উপকূলীয় এলাকায় নির্বিচারে বন ধ্বংস করা হচ্ছে। এ কারণে ওই সব এলাকা হয়ে পড়ছে বিপন্ন। দুর্যোগকবলিত হচ্ছে সেখানকার সাধারণ মানুষ।গতকালের কর্মসূচিতে সংহতি জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের অধ্যাপক ডালেম চন্দ্র বর্মণ, নৃবিজ্ঞান বিভাগের এইচ কে এস আরেফিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক রেহনুমা আহমেদ, বর্তমান শিক্ষক নাসিম আখতার হোসাইন, মাহমুদুল সুমন, নাসরিন খন্দকার প্রমুখ। নাটক মঞ্চায়নের আগে সংক্ষুব্ধ নাগরিক সমাজের আহ্বায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসউদ ইমরান বলেন, ‘নিরীহ লিমন ও তার পরিবারকে সন্ত্রাসী বানাতে সরকার উঠেপড়ে লেগেছে। কিন্তু সেই চেষ্টা সফল হবে না। কারণ, সারা দেশ লিমনের পাশে আছে।’ লিমনের বিরুদ্ধে র্যাবের করা মিথ্যা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত প্রতি শুক্রবার এই প্রতিবাদী কর্মসূচি চলবে বলে তিনি জানান।লিমনের ওপর নির্যাতন বন্ধের দাবিতে প্রতি শুক্রবার জাতীয় জাদুঘরের সামনে কর্মসূচি পালন করছে শিক্ষক, লেখক, বুদ্ধিজীবী, রাজনৈতিক নেতা, সাংস্কৃতিক কর্মী, শিক্ষার্থীদের জোট ‘সংক্ষুব্ধ নাগরিক সমাজ’। প্রতিবাদ হিসেবে পথনাটক, গণস্বাক্ষর সংগ্রহ, মানববন্ধন, সমাবেশসহ ভিন্ন কর্মসূচির আয়োজন করে আসছে এই জোট।