লিমনের ওপর রাষ্ট্রীয় নিপীড়নের ভিন্নধর্মী প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে পা হারিয়েছে নিরীহ এক কিশোর। মা ছেলেকে নিয়ে দ্বারে দ্বারে ঘুরছেন ন্যায়বিচারের আশায়। কিন্তু সবাই মুখ ফিরিয়ে নিচ্ছে। এক কর্তাব্যক্তি ধমক দিয়ে বললেন, ‘তোর ছেলে সন্ত্রাসী, তোর স্বামী সন্ত্রাসী, তুই সন্ত্রাসী, তোর চৌদ্দগুষ্টি সন্ত্রাসী।’ অসহায় মায়ের আহাজারি ভারী হয়ে ওঠে পরিবেশ।এটি একটি পথনাটকের দৃশ্য। ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের ওপর রাষ্ট্রীয় হয়রানি ও নিপীড়নের প্রতিবাদে গতকাল শুক্রবার বিকেলে ভিন্নধর্মী এই আয়োজন করে শিক্ষক, লেখক, বুদ্ধিজীবীসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের জোট ‘নাগরিক সমাজ’। লিমনের বিরুদ্ধে র্যাবের করা মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে জাতীয় জাদুঘরের সামনে আয়োজিত মানববন্ধন ও জমায়েত কর্মসূচিতে পথনাটকটি পরিবেশন করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংগঠন জাহাঙ্গীরনগর থিয়েটার। বৃষ্টির মধ্যেও সমবেত মানুষ পথনাটকটি উপভোগ করে। একই সঙ্গে প্রতিবাদ কর্মসূচির প্রতি সংহতি জানায়। কর্মসূচি থেকে কৃষক পরিবারের সন্তান এইচএসসি পরীক্ষার্থী লিমনকে গুলিবর্ষণকারী র্যাব সদস্যদের শাস্তি দাবি করা হয়। একই সঙ্গে তাঁর শিক্ষাজীবন ফিরিয়ে দেওয়া ও উপযুক্ত ক্ষতিপূরণের দাবি তোলা হয়। নাগরিক সমাজের আহ্বায়ক জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুদ ইমরান বলেন, লিমনের বিরুদ্ধে র্যাবের করা মিথ্যা মামলা প্রত্যাহার না করা পর্যন্ত প্রতি শুক্রবার তাঁরা প্রতিবাদী কর্মসূচি পালন করবেন। গতকালের কর্মসূচিতে অন্যান্যের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আনু মোহাম্মদ, ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক পিয়াস করিম, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমেনা মোহসিন, সোনিয়া নিশাত আমিন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নাসরিন খন্দকার, গণতান্ত্রিক বিপ্লবী পার্টির সাধারণ সম্পাদক মোশারেফা মিশু, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকী প্রমুখ উপস্থিত ছিলেন।