
র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের বাঁ কানে সফল অস্ত্রোপচার হয়েছে। গতকাল বৃহস্পতিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে এই অস্ত্রোপচার হয়। বিশ্ববিদ্যালয়ের নাক-কান-গলা বিভাগের সহযোগী অধ্যাপক নাসিমা আক্তার লিমনের কানে অস্ত্রোপচার করেন। অস্ত্রোপচার শেষে নাসিমা আক্তার প্রথম আলোকে বলেন, অস্ত্রোপচার সফল হয়েছে। তিনি বলেন, ক্ষত শুকিয়ে উঠলেই লিমনকে আপাতত হাসপাতাল থেকে ছুটি দেওয়া হবে। মাস তিনেক পর অন্য কানে অস্ত্রোপচার করা হবে। কানের সমস্যা নিয়ে ৯ জুন লিমন হাসপাতালে ভর্তি হন। লিমন জানান, র্যাবের সদস্যরা পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করার সময় প্রচণ্ড শব্দে কানেও আঘাত পান তিনি। এরপর র্যাবের কথিত সোর্স ইব্রাহিম গত বছর ২০ আগস্ট রমজানের ঈদের দিন লিমনের ওপর আক্রমণ করেন এবং দুই কানে জোরে চড় মারেন। এতে আবার কানে আঘাত পান লিমন। ঝালকাঠিতে বাড়ির পাশে ২০১১ সালের ২৩ মার্চ র্যাবের গুলিতে আহত হন লিমন। মায়ের রিভিশনের শুনানি হয়নি: লিমনকে গুলি করার ঘটনায় তাঁর মায়ের করা মামলাটি টেকানোর জন্য আদালতে করা রিভিশন আবেদনের ওপর গতকাল শুনানি হয়নি। এ রিভিশন শুনানির জন্য গতকাল জেলা ও দায়রা জজ আদালতের কার্যতালিকায় ছিল। কিন্তু সরকারি কৌঁসুলির সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক মো. শহিদুল্লাহ বকাউল আগামী ১৩ আগস্ট পরবর্তী শুনানির দিন ধার্য করেছেন। লিমনকে অন্যায়ভাবে গুলি করার ঘটনায় তাঁর মা হেনোয়ারা বেগম র্যাবের ছয়জন সদস্যকে আসামি করে রাজাপুর থানায় মামলা করেন। মামলাটি শেষ করে দিতে পুলিশ গত বছর ১৪ আগস্ট র্যাব সদস্যদের অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। এর বিরুদ্ধে নারাজির আবেদন করলে তা খারিজ করে দেন ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালত। এরপর গত ১৯ মার্চ হেনোয়ারা বেগম এ বিষয়ে জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন দায়ের করেন।