লিমনের ঘটনায় দায়ীদের শাস্তির দাবি টিআইবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাবের গুলিতে পা হারানো তরুণ লিমন হোসেন মামলা থেকে অব্যাহতি পাওয়ায় স্বস্তি প্রকাশ করেছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। একই সঙ্গে লিমনের পা হারানো ও তাঁর বিরুদ্ধে মিথ্যা মামলা করার ক্ষেত্রে দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছে প্রতিষ্ঠানটি।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান গতকাল শুক্রবার এক বিবৃতিতে এ দাবি জানান। তিনি লিমনের পা হারানো, তাঁর নিরাপদ স্বাভাবিক জীবনযাপন ব্যাহত হওয়াসহ বিভিন্নভাবে নির্মম হয়রানির জন্য তাঁকে ক্ষতিপূরণ দেওয়া এবং তাঁর শিক্ষাজীবন সম্পন্ন ও পেশাগতভাবে প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত তাঁর আর্থিক দায়িত্ব নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান।
ইফতেখারুজ্জামান বলেন, অতি বিলম্বে হলেও এ ধরনের মিথ্যা মামলা থেকে লিমনের অব্যাহতি কিছুটা স্বস্তি আনবে। তবে ন্যায়বিচার প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ হলেও এটি একটি ক্ষুদ্র পদক্ষেপ মাত্র। যারা নির্মমভাবে বিনা কারণে নিরপরাধ লিমনকে চিরজীবনের জন্য শারীরিক প্রতিবন্ধিতার সম্মুখীন করেছে, যাদের প্ররোচনা ও প্রত্যক্ষ ভূমিকায় ষড়যন্ত্রমূলক, মিথ্যা ও হয়রানিমূলক মামলা করা হয়েছিল, তাদের অবশ্যই যথাযথ আইনি প্রক্রিয়ায় বিচারের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে। যেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এ ধরনের আইন ও ন্যায়বিচার লঙ্ঘনের ঘটনার পুনরাবৃত্তি ঘটাতে না পারে। তিনি অবিলম্বে একটি সম্পূর্ণ নিরপেক্ষ ও উচ্চক্ষমতাসম্পন্ন তদন্ত কমিটি গঠন করে দায়ী ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানান।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, র্যাবের মতো একটি পেশাদার বাহিনী কর্তৃক তরুণ লিমনের মতো ঘটনা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভ্যন্তরে পেশাদারি, জবাবদিহি ও সার্বিক সুশাসনের ঘাটতির বিব্রতকর দৃষ্টান্ত। আইনের রক্ষকের দায়িত্বপ্রাপ্ত বাহিনীর আইনের ভক্ষক হওয়ার এ প্রবণতা রুখতে হবে।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান বলেন, ‘দোষীদের মুখোশ উন্মোচন ও বিচার করতে ব্যর্থ হলে আইনশৃঙ্খলা বাহিনীকে জনগণের সেবক হিসেবে গড়ে তোলার সরকারের ঘোষিত প্রতিশ্রুতি বাগাড়ম্বর ও অসার বলে বিবেচিত হবে।’ বিজ্ঞপ্তি।