লিমনের ঘটনায় বিচার বিভাগীয় তদন্ত দাবি বাম মোর্চার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনকে গুলি করে পঙ্গু করার ঘটনায় তার মায়ের করা মামলায় পুলিশ চূড়ান্ত প্রতিবেদন দেওয়ায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন গণতান্ত্রিক বাম মোর্চার নেতারা। তাঁরা লিমনের ওপর গুলি চালানোর ঘটনার স্বাধীন বিচার বিভাগীয় তদন্ত ও দোষী ব্যক্তিদের বিচারের সম্মুখীন করার দাবি জানান।গণতান্ত্রিক বাম মোর্চার সমন্বয়ক জোনায়েদ সাকি, কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য সাইফুল হক, মোশরেফা মিশু, মোশাররফ হোসেন, আবদুস সাত্তার, ইয়াসিন মিঞা ও হামিদুল হক গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে এ উদ্বেগ ও দাবির কথা জানান। তাঁরা বলেন, ‘গরিব বইল্লা কি মোরা বিচার পামু না?’—লিমনের মায়ের এই আহাজারি এক নিষ্ঠুর সত্য হিসেবে রাষ্ট্র ও সমাজে জারি হয়েছে। বিবৃতিতে বলা হয়, এ ঘটনায় আবার প্রমাণিত হলো, প্রতিষ্ঠান হিসেবে পুলিশ তার নির্ভরযোগ্যতা হারিয়েছে। লিমনের গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হওয়া একটি সত্য ঘটনা। আর পুলিশের দায়িত্ব হলো, কারা এ ঘটনা ঘটিয়েছে তা উদ্ঘাটন করা। কিন্তু পুলিশ সে দায়িত্ব পালন না করে এমনভাবে প্রতিবেদন দিয়েছে, যাতে স্পষ্ট বোঝা যায়, এখানে মূল আগ্রহের বিষয় হলো, র‌্যাবের সদস্যদের রেহাই দেওয়া। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো নিজেদের মধ্যে সিন্ডিকেট তৈরি করে মানুষের ওপর চেপে বসেছে। আদালতের কাছেও মানুষ ন্যায়বিচারের আশা করতে পারছে না। গত বছরের ২৩ মার্চ রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে বাড়ির কাছে মাঠে গরু আনতে গিয়ে র‌্যাবের গুলিতে পা হারায় লিমন (১৬)। এ ঘটনায় তার মা র‌্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে মামলা করেন। পুলিশ ঈদের ছুটির আগে শেষ কর্মদিবস গত মঙ্গলবার মামলাটির চূড়ান্ত প্রতিবেদন ঝালকাঠির আদালতে জমা দেয়। এতে অভিযোগ থেকে র‌্যাবের ছয় সদস্যকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করা হয়।