র্যাবের গুলিতে পা হারানো লিমনের ঘটনায় সরকারকে ভুল স্বীকার করতে বলেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ। তিনি বলেন, ‘লিমনকে নিয়ে কোনো ভুল করলে স্বীকার করুন। বলুন, “আমাদের ভুল হয়েছে। এখন আমরা তার দায়িত্ব নেব, তাকে লেখাপড়া করাব”।’গতকাল মঙ্গলবার বিকেলে রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে জাতীয় পার্টির ঢাকা মহানগর দক্ষিণ শাখার নবগঠিত কমিটির নেতাদের পরিচিতি সভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ এ কথা বলেন। তিনি বলেন, ‘সরকার লিমনকে নিয়ে কী নাটক সৃষ্টি করল! তাকে, তার পরিবারকে সন্ত্রাসী বলল। পুরো সরকার লিমনের বিপক্ষে, কিন্তু দেশের ১৬ কোটি মানুষ লিমনের পক্ষে। সরকার এই সাধারণ কথা বুঝতে পারছে না।’দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পর্কে এরশাদ বলেন, ‘প্রতিদিন খবরের কাগজ খুলে দেখা যায়, দিনদুপুরে ব্যবসায়ীকে হত্যা, স্বর্ণের দোকান লুট। অথচ সরকার বলছে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো। এসব বলে মানুষকে হাসাবেন না। সত্যকে স্বীকার করুন। বলুন, “চেষ্টা করছি, পারছি না”।’সরকারের সাফল্য-ব্যর্থতার মূল্যায়ন করতে গিয়ে এরশাদ বলেন, সরকারের যতই সফলতা থাকুক, একটা-দুইটা ব্যর্থতা সব ম্লান করে দেয়। শেয়ারবাজার কেলেঙ্কারির কথা উল্লেখ করে তিনি বলেন, ‘শেয়ারবাজার কেলেঙ্কারি নিয়ে কিছু করুন। অপ্রতিরোধ্য এক দরবেশকে নিয়ে অনেক লেখা হয়েছে, কিন্তু শাস্তি হয়নি। ৩৩ লাখ লোক নিঃস্ব হয়েছে, এক কোটি ভোট হারিয়েছি। যারা এ কাজ করেছে, তারা মানুষের শত্রু। এরা আপনাদের বন্ধু হতে পারে না। এদের শাস্তি দিন।’এরশাদ বলেন, তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল হওয়ায় রাজনীতি ও দেশ কলঙ্কমুক্ত হয়েছে। এর জন্য তিনি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।জাতীয় পার্টির সভাপতিমণ্ডলীর সদস্য কাজী ফিরোজ রশীদের সভাপতিত্বে সভায় দলের মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদারসহ অন্য নেতারা বক্তব্য দেন।