লিমনের জামিনের মেয়াদ ছয় মাস বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের জামিনের মেয়াদ ছয় মাস বাড়িয়েছেন হাইকোর্ট। মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্রের (আসক) আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার বিচারপতি ফরিদ আহমেদ ও বিচারপতি নাঈমা হায়দারের সমন্বয়ে গঠিত অবকাশকালীন বেঞ্চ এ আদেশ দেন। র‌্যাবের করা অস্ত্র মামলায় এর আগে গত ৫ মে হাইকোর্ট লিমনের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেন। এই মেয়াদ ৫ নভেম্বর শেষ হওয়ার কথা। এই প্রেক্ষাপটে আসকের পক্ষে জামিনের মেয়াদ বাড়ানোর জন্য গত সোমবার হাইকোর্টে আবেদন করা হয়। শুনানি নিয়ে গতকাল আদালত আদেশ দেন।আদালতে আসকের পক্ষে আইনজীবী ইদ্রিসুর রহমান, অবন্তী নূরুল ও সামিউল আলম সরকার মামলা পরিচালনা করেন। ইদ্রিসুর রহমান প্রথম আলোকে বলেন, ৫ নভেম্বর লিমনের জামিনের মেয়াদ শেষ হবে। তাই আইনি জটিলতা এড়াতে মেয়াদ শেষ হওয়ার আগেই জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করা হয়। আদালত আরও ছয় মাসের জামিনের মেয়াদ বাড়ানোর আদেশ দেন। গত ২৩ মার্চ বাড়ির কাছে মাঠে গরু আনতে গিয়ে র‌্যাবের গুলিতে পা হারান লিমন হোসেন। এরপর র‌্যাব লিমনের বিরুদ্ধে রাজাপুর থানায় দুটি মামলা করে। এর একটি অস্ত্র আইনে ও অপরটি সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে। সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে করা মামলায় গত ২ মে লিমনকে জামিন দেন ঝালকাঠির মুখ্য বিচারিক হাকিম আদালত। ঢাকার পঙ্গু হাসপাতাল ও গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসা শেষে বেসরকারি সংস্থা সিডিডির সহায়তায় লিমনের কৃত্রিম পা লাগানো হয়। গত ১৩ অক্টোবর লিমন গ্রামের বাড়িতে ফিরে যায়। সে আবার আগামী বছর এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে।