লিমনের নামে র‌্যাবের মামলায় অভিযোগপত্র পর্যালোচনা পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের করা মামলায় ঝালকাঠির রাজাপুরের কলেজছাত্র পঙ্গু লিমন হোসেনের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র পর্যালোচনার জন্য আগামী ১৭ অক্টোবর দিন ধার্য করেছেন আদালত। গতকাল রোববার এ মামলার দিন ধার্য ছিল। লিমন অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেনি। তার আইনজীবীদের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক নুসরাত জাহান ওই আদেশ দেন।লিমনের আইনজীবী নাসিমুল হাসান জানান, সরকারি কাজে বাধাদানের অভিযোগে লিমনের বিরুদ্ধে র‌্যাবের করা মামলার তদন্ত কর্মকর্তা রাজাপুর থানার উপপরিদর্শক আরিফুল ইসলাম ঝালকাঠি আদালত পুলিশের জেনারেল রেজিস্ট্রার কর্মকর্তার (জিআরও) কাছে গত ১ জুলাই অভিযোগপত্র জমা দেন। তিনি গত ৮ জুলাই অভিযোগপত্র আদালতে উপস্থাপন করেন। আদালত অভিযোগপত্র গ্রহণ করে পর্যালোচনার জন্য গতকাল (২ সেপ্টেম্বর) দিন ধার্য করেন। অসুস্থ থাকায় লিমন গতকাল আদালতে হাজির হতে পারেনি। দুপুরে তার আইনজীবীরা সময় চেয়ে আবেদন করেন। বিচারক নুসরাত জাহান আবেদন গ্রহণ করে ১৭ অক্টোবর অভিযোগপত্র পর্যালোচনার পরবর্তী দিন ধার্য করেন। গত বছরের ২৩ মার্চ বাড়ির কাছের মাঠে গরু আনতে গিয়ে র‌্যাবের গুলিতে একটি পা হারায় কলেজছাত্র লিমন হোসেন। এ ঘটনায় র‌্যাবের উপসহকারী পরিচালক লুৎফর রহমান বাদী হয়ে ওই দিন সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে লিমনের বিরুদ্ধে মামলা করেন।