জাতীয় সমাজতান্ত্রিক দলের সভাপতি আ স ম আবদুর রব বলেছেন, কলেজছাত্র লিমনকে পায়ে গুলি করে পঙ্গু করে দেওয়ার পর র্যাব ও সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, লিমনের গোটা পরিবার সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত। তার চেয়ে সরকার বলে দিক, দেশের ১৬ কোটি মানুষই সন্ত্রাসী। গতকাল বরিশালে এক জনসভায় আবদুর রব এ কথা বলেন।নগরের অশ্বিনী কুমার হল চত্বরে জেলা ও মহানগর সমাজতান্ত্রিক দল আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে আ স ম আবদুর রব বলেন, দেশে চার হাজার বিচারবহির্ভূত হত্যা হয়েছে। তার কোনো বিচার নেই। নিজের দলের লোক নিজেরা খুন করার পরও স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন হয়েছে।দলের সাধারণ সম্পাদক আবদুল মালেক রতন বলেন, নদী পুনর্খনন, রাস্তা নির্মাণ, মেরামত—সবই বর্ষার সময় করা হয়। উন্নয়নের নামে হাজার হাজার কোটি টাকা লুটপাট করার জন্যই এ ব্যবস্থা। দলের বরিশাল শাখার সভাপতি সাইফুর রহমান মিঠুর সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কেন্দ্রীয় সহসভাপতি এম এ গোফরান, ছোহরাব হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক আতাউল করিম ফারুক, জেলা নেতাদের মধ্যে আবদুর রাজ্জাক, তাজুল ইসলাম, এ কে এম নাসিরউদ্দিন প্রমুখ।