লিমনের পরিবারকেও সন্ত্রাসী বানাতে রাষ্ট্র উঠেপড়ে লেগেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শুধু পঙ্গু লিমনকেই নয়, তার গোটা পরিবারকে সন্ত্রাসী বানাতে রাষ্ট্র আজ উঠেপড়ে লেগেছে।গতকাল রোববার মানবাধিকার সংগঠন ‘অধিকার’ আয়োজিত নির্যাতিতদের পক্ষে আন্তর্জাতিক সংহতি দিবসের আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল এ কথা বলেন।সকালে জাতীয় প্রেসক্লাবের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সভায় তত্ত্বাবধায়ক সরকার প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনা হবে। কিন্তু সংবিধান সংশোধন কমিটির কো-চেয়ারম্যান সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, তত্ত্বাবধায়ক সরকার নিয়ে আলোচনার কোনো সুযোগ নেই। আলোচনা হতে পারে অন্তর্বর্তীকালীন সরকার নিয়ে। পরস্পরবিরোধী এসব বক্তব্যের মধ্যে কোনটি বিএনপি গ্রহণ করবে, তা স্পষ্ট নয়।মির্জা ফখরুল আরও বলেন, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহারে নির্যাতনের বিরুদ্ধে বিভিন্ন পদক্ষেপ নেওয়ার অঙ্গীকার করা হয়েছিল। বলা হয়েছিল, রিমান্ডে নিয়ে নির্যাতন ও ক্রসফায়ারে মৃত্যু বন্ধ করা হবে। ইশতেহারে আইনের শাসন প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দেওয়া হয়। কিন্তু এ আমলেই সবচেয়ে বেশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটছে। ঝালকাঠিতে র‌্যাবের অভিযানে গুলিবিদ্ধ হয়ে পা হারায় কলেজছাত্র লিমন। লিমনের অভিযোগ, র‌্যাবের সদস্যরা তার পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করেন। পরবর্তী সময়ে বিষয়টি গণমাধ্যমে ব্যাপকভাবে প্রচারিত হলে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা ও র‌্যাব পৃথক সংবাদ সম্মেলনে লিমন, তার বাবা-মা, বোনসহ সবাই সন্ত্রাসী তৎপরতায় যুক্ত বলে দাবি করেন।প্রধানমন্ত্রীর প্রতিরক্ষাবিষয়ক উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকীর কথা উল্লেখ করে আমার দেশ পত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান বলেন, ‘গত আড়াই বছরে তাঁর সাংবাদিকদের সামনে আসার প্রয়োজন পড়ল না। কিন্তু লিমনের বিষয়ে তিনি প্রকাশ্যে সংবাদ সম্মেলন করে বলেন, “ওই সম্পাদককে যেকোনো সময় গ্রেপ্তার করতে পারি”।’ আলোচনা সভায় সভাপতিত্ব করেন অধিকারের উপদেষ্টা কবি ও কলাম লেখক ফরহাদ মজহার। তিনি বলেন, বাংলাদেশ নির্যাতনবিরোধী জাতিসংঘের আন্তর্জাতিক সনদে স্বাক্ষর করেছে। কিন্তু রাষ্ট্রের হাতে প্রতিনিয়তই সাধারণ মানুষ নির্যাতনের শিকার হচ্ছে। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের বিরোধিতা করে মাহমুদুর রহমান মান্না বলেন, রাজনৈতিক দলগুলোর মধ্যে গণতন্ত্রের চর্চা শুরু না হলে নির্যাতন-নিপীড়ন বন্ধ হবে না।সভায় আরও বক্তব্য দেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাইফুল হক, জাতীয় মুক্তি কাউন্সিলের সাধারণ সম্পাদক ফয়জুল হাকিম প্রমূখ।