লিমনের পা হারানোর প্রতিবাদ কর্মসূচিতে হামলা, যুবক আটক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে লিমনের পা হারানোর প্রতিবাদে আয়োজিত পথনাটকে হামলা হয়েছে। এ সময় লোকজন এক যুবককে আটক করে। পরে তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। গতকাল শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে এ ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শীরা জানান, লিমনের ওপর হামলার প্রতিবাদে ‘সংক্ষুব্ধ নাগরিক সমাজ’ বেশ কিছুদিন ধরে শাহবাগে তাদের নিয়মিত প্রতিবাদ কর্মসূচি পালন করে আসছিল। সেই কর্মসূচির অংশ হিসেবে গতকাল বিকেলে শাহবাগ মোড়ে মানববন্ধন ও পথনাটকের আয়োজন করা হয়। বিকেল সাড়ে চারটার দিকে পথনাটক খেঁকশেয়াল চলছিল। চারদিকে ভিড় করে নাটক দেখছিলেন প্রতিবাদকারীরা। হঠাৎই দুই তরুণ ভিড় ঠেলে নাটকের মাঝে ঢুকে ‘এই সব থামা’ বলে মাইকের স্ট্যান্ড লাথি মেরে ফেলে দেয়। তারা নাট্যকর্মীদের ধাক্কা দিয়ে সরিয়ে দেয়। প্রথমে সবাই মনে করেছিল, এটা নাটকেরই অংশ। পরে ওই তরুণেরা একটি বেসরকারি টিভি চ্যানেলের চিত্রগ্রাহককে ধাক্কা দিয়ে পালাতে শুরু করলে সবাই বিষয়টি বুঝতে পারেন। আধা মিনিটেরও কম সময়ের মধ্যে দুই তরুণ এ ঘটনা ঘটায়। উপস্থিত লোকজন ওই দুই তরুণের পিছু নিয়েও তাদের ধরতে পারেনি। তারা দ্রুত পালিয়ে যায়। এ সময় প্রতিবাদকারীরা আল আমিন (২৮) নামের এক যুবককে পুলিশে সোপর্দ করেন। তবে পুলিশ ও ঘটনাস্থলে উপস্থিত ফটো সাংবাদিকেরা জানান, আল আমিন হামলাকারীদের মধ্যে ছিল কি না, সে ব্যাপারে তাঁরা নিশ্চিত নন। শাহবাগ থানার পুলিশ জানায়, আল আমিন পুলিশকে জানিয়েছেন তিনি বাসে করে যাচ্ছিলেন। শাহবাগ মোড়ে মানুষের ভিড় দেখে ভাবেন হয়তো বা বাস ভাঙচুর করা হবে। এই ভয়ে তিনি বাস থেকে নেমে দৌড় দিলেই লোকজন তাঁকে আটক করে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম জানান, আল আমিনের বাবা মুনির হোসেন থানায় ফোন করে জানিয়েছেন, চাকরির পরীক্ষা দেওয়ার জন্য তাঁর ছেলে চাঁদপুর থেকে ঢাকায় এসেছেন।ঘটনাস্থলে সমাজতান্ত্রিক মহিলা ফোরামের কেন্দ্রীয় সহসভাপতি সুলতানা আক্তার রুবি সাংবাদিকদের বলেন, ‘সরকারের উচ্চপর্যায়ের সহযোগিতায় এমনটি ঘটেছে বলে আমরা মনে করছি।’সংক্ষুব্ধ নাগরিক সমাজের আহ্বায়ক মাসউদ ইমরান গতকাল এক বিবৃতিতে বলেন, এ হামলা প্রতিবাদের অঙ্গীকারকে আরও জোরদার করে তুলেছে।