ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনকে গুলি করে পঙ্গু করে দেওয়ায় জড়িত র্যাব সদস্যদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি। একই সঙ্গে লিমনের উপযুক্ত পুনর্বাসন নিশ্চিত করারও দাবি জানিয়েছে দলটি। গতকাল শুক্রবার সকালে সেগুনবাগিচায় কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত মহানগর কমিটির সভায় দলটির নেতারা এ দাবি জানান। তাঁরা এ ব্যাপারে অবিলম্বে প্রয়োজনীয় উদ্যোগ নিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতি আহ্বান জানিয়েছেন।সভায় বিপ্লবী ওয়ার্কার্স পার্টির নেতারা বলেন, লিমনের বিরুদ্ধে র্যাবের করা হয়রানিমূলক মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক প্রত্যাহারের আদেশের মাধ্যমে লিমন আংশিক বিচার পেয়েছেন। লিমনের পুরো বিচার পাওয়া নিশ্চিত করতে গুলি করে লিমনকে পঙ্গু করার অপরাধে সংশ্লিষ্ট র্যাব সদস্যদের অবশ্যই বিচারের আওতায় আনতে হবে। সভায় রোজার শুরুতেই ভোগ্যপণ্যের লাগামহীন মূল্যবৃদ্ধির নিন্দা জানানো হয়। সভার এক প্রস্তাবে বিসিএসে কোটাপদ্ধতি সীমিত করে মেধা ও যোগ্যতার ভিত্তিতে চাকরি নিশ্চিত করার আহ্বান জানানো হয়। বিজ্ঞপ্তি।