লিমনের বিরুদ্ধে অভিযোগ গঠন ২৬ ফেব্রুয়ারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে পা হারানো কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে করা অস্ত্র আইনের মামলায় গতকাল সোমবার অভিযোগ গঠন হয়নি। অভিযোগ গঠনের পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে আগামী ২৬ ফেব্রুয়ারি। লিমনের আইনজীবী নাসিমুল হাসান বলেন, এ মামলায় গতকাল ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২-এ অভিযোগ গঠনের তারিখ ধার্য ছিল। কিন্তু সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারসহ অপর সাত আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিলের প্রতিবেদন না আসায় অভিযোগ গঠন হয়নি। বিচারক মো. সিদ্দিকুল আরেফিন চৌধুরী ২৬ ফেব্রুয়ারি অভিযোগ গঠনের পরবর্তী তারিখ নির্ধারণ করেছেন। লিমন কৃত্রিম পায়ে ভর করে গতকাল আদালতে হাজিরা দেয়। সে চিকিৎসাধীন থাকায় এর আগে দুটি তারিখে তার পক্ষে সময়ের আবেদন করা হয়।আদালতে হাজিরা শেষে লিমন প্রথম আলোকে বলে, ‘মিথ্যা মামলা থেকে অব্যাহতির জন্য আইনজীবীরা আমার পক্ষে আদালতে আবেদন করেছেন। আশা করি, ন্যায় বিচার পাব। তা ছাড়া সরকারও ইচ্ছা করলে যেকোনো সময় আমাকে মামলা থেকে অব্যাহতি দিতে পারে।’