লিমনের বিরুদ্ধে অভিযোগ গঠনে বিশিষ্টজনদের উদ্বেগ
র্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন করায় উদ্বেগ জানিয়েছেন দেশের ২১ জন বিশিষ্ট নাগরিক। গতকাল বৃহস্পতিবার এক বিবৃতিতে তাঁরা এ উদ্বেগ জানান। বিবৃতিতে বলা হয়, ‘ঝালকাঠির রাজাপুরের কলেজছাত্র লিমন হোসেনকে অস্ত্র আইনের মামলা থেকে অব্যাহতি দেওয়ার আবেদন খারিজ করে তাঁর বিরুদ্ধে অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচারকার্য শুরু হওয়ার খবরে আমরা উদ্বিগ্ন। প্রায় দুই বছর তিন মাস আগে র্যাবের সদস্যদের গুলিতে আহত হন লিমন। তাঁর জীবন বাঁচাতে বাঁ পা কেটে ফেলতে হয়। সে সময় দরিদ্র পরিবারের এ কিশোরের প্রতি র্যাব সদস্যদের নিষ্ঠুরতার প্রতিবাদে প্রতিবাদমুখর হয়ে ওঠে দেশের মানবাধিকার সংগঠনসহ বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ।’বিবৃতিতে বলা হয়, ‘আমরা আরও জানতে পেরেছি, লিমনকে অন্যায়ভাবে গুলি করায় লিমনের মা হেনোয়ারা বেগম বাদী হয়ে ডিএডি লুৎফর রহমানসহ র্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে ২০১১ সালের ১০ এপ্রিল একটি মামলা করেন। এ মামলায় র্যাব সদস্যদের অব্যাহতি চেয়ে পুলিশ আদালতে প্রতিবেদন জমা দেয়। ঠিক এমন একটি অবস্থায় আমরা লিমনের ব্যাপারে সংশ্লিষ্ট সবার মানবিক বিবেচনা আশা করছি।’বিবৃতিদাতারা হলেন অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, মোহাম্মদ আনিসুর রহমান, জাফরুল্লাহ চৌধুরী, অধ্যাপক আনু মোহাম্মদ, রুবি গজনবী, খুশী কবির, সোনিয়া নিশাত আমীন, রোকেয়া কবীর, রেহনুমা আহমেদ, অধ্যাপক এম এম আকাশ, ফেরদৌসী প্রিয়ভাষিণী, তাহেরা ইয়াসমিন, সারা যাকের, শিরীন হক, নাসিমুন আরা মিনু, গীতি আর নাসরিন, ফারাহ কবীর, কাবেরী গায়েন, সাগর লোহানী ও শিপ্রা বোস।