লিমনের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ গঠন আবার পিছিয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার অভিযোগ গঠন গতকাল রোববার অষ্টমবারের মতো পেছানো হয়েছে। আদালত সূত্র জানায়, গতকাল লিমনের বিরুদ্ধে অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক অনুপস্থিত থাকায় যুগ্ম জেলা জজ-১ আদালতের বিচারক মো. মঞ্জুরুল ইমাম আগামী ১৬ সেপ্টেম্বর অভিযোগ গঠনের দিন ধার্য করেন। এদিকে অসুস্থতার কারণে আদালতে উপস্থিত হতে না পারায় লিমনের পক্ষে তার আইনজীবী নাসিমুল হাসান আদালতে সময় প্রার্থনা করে আবেদন করেন। নাসিমুল জানান, লিমন আদালতে হাজির হলেও অভিযোগ গঠন করা সম্ভব হতো না। কারণ, পুলিশ এই মামলায় মোরশেদ জমাদ্দারসহ অন্য সাতজন আসামিকে এখনো গ্রেপ্তার করতে পারেনি।বিশেষ ট্রাইবুন্যাল-২ আদালতের বেঞ্চ সহকারী শাহজাহান সিকদার জানান, মোরশেদসহ সাতজনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি দেওয়া হবে। এর পরও হাজির না হলে তাঁদের অনুপস্থিতিতে অভিযোগ গঠন করা হবে।গত বছরের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে র‌্যাবের গুলিতে পা হারায় কলেজছাত্র লিমন। এ ঘটনায় র‌্যাব লিমনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাকেসহ আটজনের বিরুদ্ধে অস্ত্র আইনে একটি এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগে আরেকটি মামলা করে। উভয় মামলায় পুলিশ অভিযোগপত্র দিয়েছে। অপরদিকে লিমনের ওপর নিষ্ঠুরতার অভিযোগে র‌্যাবের বিরুদ্ধে লিমনের মায়ের করা মামলাটির তদন্তে কোনো অগ্রগতি নেই।