লিমনের বিরুদ্ধে অস্ত্র মামলার অভিযোগ গঠন আবারও পেছাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র‌্যাবের গুলিতে পা পঙ্গু হওয়া ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে অস্ত্র আইনে র‌্যাবের করা মামলাটির অভিযোগ গঠনের শুনানি আবারও পিছিয়েছে। একই কারণে এই মামলা থেকে অব্যাহতি চেয়ে লিমনের পক্ষে করা আবেদনের ওপরও শুনানি হয়নি। ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২-এ গতকাল মঙ্গলবার এই মামলায় অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক কিরণ শংকর হালদার আগামী ২৯ এপ্রিল পরবর্তী তারিখ ধার্য করেন। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের কারণে এ নিয়ে মামলাটির অভিযোগ গঠনের তারিখ ১২ বার পেছাল। মামলার ধার্য তারিখে গতকাল বেলা সাড়ে ১১টায় জামিনে থাকা লিমন তাঁর মাকে নিয়ে আদালতে হাজির হন। লিমনের পক্ষে ছিলেন আইনজীবী নাসিমুল হাসান, মানিক আচার্য ও নাসির উদ্দিন কবীর।আইনজীবী নাসির উদ্দিন কবীর বলেন, ‘আমরা লিমনের অব্যাহতির আবেদন ও অভিযোগ গঠনের শুনানির জন্য প্রস্তুত ছিলাম। রাষ্ট্রপক্ষের সময়ের আবেদন আদালত মঞ্জুর করায় তা আর সম্ভব হয়নি।’ জানতে চাইলে অতিরিক্ত সরকারি কৌঁসুলি (এপিপি) এম আলম খান প্রথম আলোকে বলেন, শুনানির জন্য রাষ্ট্রপক্ষ প্রস্তুত ছিল না। তাই সময়ের আবেদন করা হয়।আদালতে হাজিরা শেষে লিমন উপস্থিত সাংবাদিকদের বলেন, ‘হাসপাতালে চিকিৎসা আর আদালতে হাজিরা দিতে দিতে আমার জীবন থেকে দুটি বছর হারিয়ে গেছে। জানি না, আর কত দিন আদালতে হাজিরা দিতে হবে।’ তিনি জানান, ১ এপ্রিলের কারিগরি শিক্ষা বোর্ডের অধীন উচ্চমাধ্যমিক চূড়ান্ত পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছেন। কিন্তু মাথার ওপর র‌্যাবের করা একাধিক মামলা, পঙ্গু শরীরে আদালতে হাজিরা—সব মিলিয়ে লেখাপড়ায় মনোযোগ দেওয়াও তাঁর জন্য কঠিন হয়ে পড়েছে। ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়ায় নিজ বাড়ির কাছের মাঠে গরু আনতে গিয়ে র‌্যাবের গুলিতে পা হারান দরিদ্র পরিবারের ১৬ বছরের কিশোর লিমন; যা তখন দেশব্যাপী মানবতাবোধসম্পন্ন মানুষকে নাড়া দেয়। মানুষের সহায়তায় চিকিৎসা হয় লিমনের।লিমনকে গুলি করার পর ‘সন্ত্রাসী’ আখ্যা দিয়ে তাঁকেসহ আটজনের বিরুদ্ধে অস্ত্র আইনে ও সরকারি কাজে বাধাদানের অভিযোগ এনে দুটি মামলা করে র‌্যাব। অস্ত্র মামলায় ২০১১ সালের ২৪ এপ্রিল অভিযোগপত্র দেয় পুলিশ। এরপর মামলাটি ওই বছরের ৩ জুলাই বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল-১-এ আসে। বিচারক ফারুক আহাম্মদ মামলাটি বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল-২-এ পাঠান। প্রায় ১০ মাস বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারকপদ শূন্য থাকায় মামলাটির অভিযোগ গঠন এবং লিমনের পক্ষে করা অব্যাহতির আবেদন ঝুলে থাকে। গত ২৪ জানুয়ারি এই ট্রাইব্যুনালে বিচারক হিসেবে কিরণ শংকর হালদার যোগ দেন। এরপর ২৮ জানুয়ারি এই মামলার ধার্য তারিখ ছিল। ওই দিন নতুন বিচারক ১৯ মার্চ অভিযোগ গঠনের তারিখ নির্ধারণ করেছিলেন।আরেক মামলায় লিমনের মায়ের রিভিশন: লিমনকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে তাঁর মা হেনোয়ারা বেগম ২০১১ সালেই র‌্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে একটি মামলা করেন। কিন্তু পুলিশ গত বছরের ১৪ আগস্ট র‌্যাবের ওই সদস্যদের অব্যাহতির সুপারিশ করে আদালতে মামলাটির চূড়ান্ত প্রতিবেদন দেয়। ৩০ আগস্ট ওই প্রতিবেদনের বিরুদ্ধে লিমনের মা নারাজির আবেদন করেন। ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শাহীদুল ইসলাম গত ১৩ ফেব্রুয়ারি ওই নারাজি আবেদন খারিজ করে দেন। খারিজ করা নারাজির আবেদনটি পুনর্বিবেচনা করার জন্য লিমনের মা গতকাল ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে রিভিশন আবেদন করেন। তাঁর পক্ষে আইনজীবী মানিক আচার্য রিভিশনটি দায়ের করেন। জেলা ও দায়রা জজ মো. শহিদুল্লাহ বকাউল রিভিশন আবেদন গ্রহণ করেন এবং ৩০ এপ্রিল এর শুনানির দিন ধার্য করেন।