লিমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠন আবারও পেছাল
ট্রাইব্যুনালের বিচারক পদ শূন্য থাকায় র্যা বের গুলিতে পা হারানো ঝালকাঠির কলেজছাত্র লিমনের বিরুদ্ধে অস্ত্র আইনে করা মামলার অভিযোগ গঠন আবারও পিছিয়েছে।এই মামলায় গতকাল রোববার অভিযোগ গঠনের দিন ধার্য ছিল। ঝালকাঠির বিশেষ ট্রাইব্যুনাল-২-এর বিচারক পদ শূন্য থাকায় যুগ্ম জেলা ও দায়রা জজ-১ আদালতের বিচারক মো. মঞ্জুরুল ঈমাম আগামী ২৮ জানুয়ারি অভিযোগ গঠনের দিন ধার্য করেন। এ নিয়ে অভিযোগ গঠনের সময় নয় দফা পিছিয়েছে।মামলায় হাজিরা দিতে লিমন গতকাল সকাল সাড়ে ১০টায় আদালতে হাজির হন। লিমনের আইনজীবী নাসিমুল হাসান ও মানিক আচার্য আদালতে লিমনের পক্ষে হাজিরা দেন। রাষ্ট্রপক্ষে সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) মোস্তাফিজুর রহমান আদালতে সময়ের আবেদন করেন। এপিপি মোস্তাফিজুর রহমান বলেন, লিমনের বিরুদ্ধে অস্ত্র মামলাটি বিশেষ ট্রাইব্যুনাল-২-এ বিচারাধীন। এ আদালতের বিচারক পদ শূন্য থাকায় ভারপ্রাপ্ত বিচারক হিসেবে যুগ্ম জেলা জজ-১ মো. মঞ্জুরুল ঈমাম দায়িত্ব পালন করছেন। কিন্তু এ মামলায় তাঁর অভিযোগ গঠনের এখতিয়ার না থাকায় তিনি আবার তারিখ নির্ধারণ করেন। বিশেষ ট্রাইব্যুনাল-২ এ নতুন বিচারক যোগদান না করা পর্যন্ত লিমনের বিরুদ্ধে অস্ত্র মামলায় অভিযোগ গঠিত হচ্ছে না। গত বছরের ৩ জুলাই লিমনের বিরুদ্ধে র্যা বের করা অস্ত্র মামলাটি বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল-১-এ আসে। পরে মামলাটি বিচারের জন্য বিশেষ ট্রাইব্যুনাল-২-এ পাঠানো হয়। গত বছরের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে র্যা বের গুলিতে পা হারায় কলেজছাত্র লিমন হোসেন। এরপর র্যা ব লিমনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে তাকেসহ আটজনের বিরুদ্ধে অস্ত্র আইনে এবং সরকারি কাজে বাধাদানের অভিযোগ এনে দুটি মামলা করে।