লিমনের বিরুদ্ধে মামলা প্রত্যাহারের আদেশ জারি
ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে করা র্যাবের মামলা দুটি প্রত্যাহারের আদেশ জারি করেছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। গত বুধবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শাখা থেকে এ-সংক্রান্ত আদেশ জারি করা হয়।
মন্ত্রণালয়ের উপসচিব মিজানুর রহমানের সই করা এই আদেশে লিমনের বিরুদ্ধে করা মামলা দুটি নম্বর উল্লেখ করে বলা হয়, ফৌজদারি কার্যবিধির ৪৯৪ ধারার আওতায় মামলা দুটি সরকার না চালানোর সিদ্ধান্ত নিয়েছে। মামলা দুটি সংশ্লিষ্ট আদালত থেকে প্রত্যাহারের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে ঝালকাঠি জেলার সরকারি কৌঁসুলিকে (পিপি) নির্দেশ দেওয়া হয়। জানতে চাইলে গতকাল বৃহস্পতিবার বিকেলে ঝালকাঠি জেলা জজ আদালতের পিপি আবদুল মান্নান প্রথম আলোকে বলেন, ‘জেলা প্রশাসকের কাছে মামলা প্রত্যাহারের আদেশ পৌঁছালে তিনি আমাকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চিঠি দেবেন। এরপর আমি বিধি অনুযায়ী সরকারের সিদ্ধান্তের বিষয়টি জানিয়ে সংশ্লিষ্ট আদালতে আবেদন করব।’ ঝালকাঠির জেলা প্রশাসক মো. শাখাওয়াত হোসেন বলেন, গতকাল পর্যন্ত লিমনের মামলা প্রত্যাহারের কোনো আদেশ তাঁর দপ্তরে পৌঁছায়নি। এ-সংক্রান্ত চিঠি পাওয়ামাত্র তিনি বিধিমোতাবেক ব্যবস্থা নেবেন। ২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামের র্যাবের অভিযানে গুলিবিদ্ধ হন লিমন। পরে তাঁর পা কেটে ফেলতে হয়। ওই সময় লিমনের বিরুদ্ধে অস্ত্র আইনে ও সরকারি কাজে বাধা দেওয়ার অভিযোগে দুটি মামলা করে। একজন কিশোরের ওপর এই নিষ্ঠুরতার ঘটনায় দেশে-বিদেশে ব্যাপক সমালোচনা হয়। প্রায় আড়াই বছর নানা হয়রানির পর সরকার লিমনের বিরুদ্ধে মামলা দুটি প্রত্যাহার করার সিদ্ধান্ত নেয়।