লিমনের বিরুদ্ধে ষড়যন্ত্রমূলক মিথ্যা মামলা প্রত্যাহার ও তার পরিবারের নিরাপত্তার দাবি জানিয়েছেন বিভিন্ন যুব ও ছাত্রসংগঠনের নেতারা। গতকাল শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবের সামনে এক মানববন্ধনে তাঁরা এ দাবি জানান। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, লিমনের বিরুদ্ধে মামলা রাষ্ট্রীয় সন্ত্রাস। তার বিরুদ্ধে করা মামলা অবিলম্বে প্রত্যাহার করতে হবে। তাঁরা গুম, ক্রসফায়ারসহ বিভিন্ন ঘটনার তদন্ত দাবি এবং মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির সভাপতি এস এম শুভ অভিযোগ করেন, রাষ্ট্র লিমনের বিরুদ্ধে ক্রমান্বয়ে মামলা করে যাচ্ছে। তার পরিবার নিরাপত্তাহীন অবস্থায় দিন কাটাচ্ছে। তিনি লিমনের পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান। অন্যদের মধ্যে বক্তব্য দেন যুব ইউনিয়নের সভাপতি আবদুল্লাহ কাফি, জাসদ ছাত্রলীগের সাধারণ সম্পাদক শামসুল আলম, বাংলাদেশ ছাত্র মৈত্রীর সভাপতি বাপ্পা দিত্য বসু।ছাত্র ইউনিয়ন, যুব ইউনিয়ন, জাসদ ছাত্রলীগ, বাংলাদেশ ছাত্র মৈত্রী, বিপ্লবী ছাত্র মৈত্রী, ছাত্র ফেডারেশনসহ নয়টি সংগঠনের নেতা-কর্মীরা মানববন্ধনে অংশ নেন।