লিমনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির কলেজছাত্র লিমন হোসেনের বিরুদ্ধে মিথ্যা মামলা প্রত্যাহার এবং তার বিরুদ্ধে হয়রানিমূলক প্রচারণা বন্ধ করতে বাংলাদেশ সরকারের প্রতি আহ্বান জানিয়েছে আন্তর্জাতিক মানবাধিকার সংগঠন হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।গতকাল মঙ্গলবার এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রভিত্তিক সংস্থাটি এই আহ্বান জানায়। এইচআরডব্লিউর এশিয়া অঞ্চলের পরিচালক ব্রাড অ্যাডামস বলেন, র‌্যাবকে রক্ষা করতে লিমন ও তার পরিবারের ওপর সরকারের তরফ থেকে চলমান নির্যাতন তার যন্ত্রণাদায়ক ক্ষতের ওপর ভীষণ অসম্মান যোগ করছে। তাদের ওপর শারীরিক নির্যাতন এবং নতুন করে মিথ্যা অভিযোগে হত্যা মামলা করা থেকে এটা পরিষ্কার হয়েছে যে র‌্যাবের গুলিতে পঙ্গু একজন তরুণকে অসম্মান করতে ও ভয়ভীতি দেখাতে বাংলাদেশ সরকার কত কিছু করতে পারে।মানবাধিকার সংগঠনটির বিবৃতিতে বলা হয়, গত বছরের মার্চে র‌্যাবের গুলিতে আহত হওয়ার পর লিমনকে বাঁচাতে তার একটি পা কেটে ফেলতে বাধ্য হন চিকিৎসকেরা। তাকে রক্ষা করতে পুলিশ কোনো ব্যবস্থা নেয়নি। বরং পুলিশ তার বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে মামলা করেছে। ২০ আগস্ট আবার লিমন ও তার মা-ভাইয়ের ওপর হামলা করেছে র‌্যাবের সোর্স ইব্রাহিম।ইব্রাহিমের বিরুদ্ধে সমন জারি: প্রথম আলোর ঝালকাঠি প্রতিনিধি জানায়, লিমন, তার মা ও ভাইয়ের ওপর হামলাকারী র‌্যাবের কথিত সোর্স ইব্রাহিম হাওলাদারের বিরুদ্ধে সমন জারি করেছেন আদালত।গতকাল বিকেলে আদালতের জেনারেল রেজিস্ট্রার কর্মকর্তা (জিআরও) মো. নাজমুল হক ঝালকাঠির বিচারিক হাকিম আদালতে ইব্রাহিমের বিরুদ্ধে পুলিশের দেওয়া প্রতিবেদন উপস্থাপন করেন। বিচারক মো. শহিদুল ইসলাম অভিযুক্ত ইব্রাহিমের বিরুদ্ধে সমন জারি করে আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে তাঁকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।লিমন ও তার পরিবারের ওপর হামলার সত্যতা পেয়ে রাজাপুর থানা পুলিশ গত সোমবার সহকারী পুলিশ সুপারের কার্যালয়ে ইব্রাহিমের বিরুদ্ধে প্রতিবেদন জমা দেয়। অভিযোগপত্রটি পর্যালোচনা করে সহকারী পুলিশ সুপার আ ফ ম আনোয়ার হোসেন গতকাল মঙ্গলবার প্রতিবেদন আদালতে পাঠান। ঈদের দিন বিকেলে লিমন তার মা ও বড় ভাইয়ের ওপর হামলা চালান র‌্যাবের করা মামলার সাক্ষী ইব্রাহিম। এ ঘটনায় লিমনের মা রাজাপুর থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।