লিমনের বিরুদ্ধে র্যাবের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

র্যাবের গুলিতে পঙ্গু হওয়া কলেজছাত্র লিমনের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার এবং দোষী র্যাব সদস্যদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আজ শনিবার মানববন্ধন করবে তরুণ নাগরিক উদ্যোগ। জাতীয় জাদুঘরের সামনে বিকেল চারটায় এই মানববন্ধন হবে। কর্মসূচি থেকে লিমনের প্রয়োজনীয় চিকিৎসা ও জীবন নির্বাহের ব্যয়ভার সরকারকে নেওয়ার দাবিও জানানো হবে বলে আয়োজকেরা জানিয়েছেন।গত ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলার সাতুরিয়া গ্রামে বাড়ির পাশে গরু আনতে গেলে এইচএসসি পরীক্ষার্থী লিমন র্যাবের নিষ্ঠুরতার শিকার হয়। র্যাব সদস্যরা লিমনের এক পায়ে গুলি করেন। পরে চিকিৎসকেরা ওই পা কেটে ফেলতে বাধ্য হন। এরপর র্যাব লিমনকে সন্ত্রাসী আখ্যা দিয়ে দুটি মামলা করে।পরে পঙ্গু লিমনকে নিয়ে চলে টানাহেঁচড়া। শেষে কারাবন্দী হিসেবে লিমনকে ঢাকার পঙ্গু হাসপাতাল থেকে বরিশালের শেরেবাংলা মেডিকেল কলেজে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। গত বৃহস্পতিবার হাইকোর্ট লিমনের ছয় মাসের অন্তর্বর্তীকালীন জামিনের আদেশ দেন। একই সঙ্গে লিমনের ইচ্ছা অনুযায়ী দেশের যেকোনো হাসপাতালে সরকারি খরচে তার চিকিৎসাসেবা দেওয়ার নির্দেশ দেন আদালত।