ঝালকাঠিতে র্যাবের গুলিতে পা হারানো লিমনের বিরুদ্ধে র্যাবের করা মামলা দুটি প্রত্যাহার করতে স্বরাষ্ট্রমন্ত্রীর প্রতি দাবি জানিয়েছে ‘লিমনের জন্য, জীবনের জন্য’ শীর্ষক নাগরিক মঞ্চ।গতকাল বুধবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে আয়োজিত অনুষ্ঠান থেকে এ দাবি তোলা হয়। লিমনের সুচিকিৎসা ও পড়াশোনার সব খরচ সরকারকে বহন করাসহ চার দফা দাবিতে শিক্ষক, ছাত্র, রাজনীতিক, শিল্পী, সাহিত্যিক, সাংস্কৃতিককর্মীদের উদ্যোগে গঠিত এই নাগরিক মঞ্চ আন্দোলন করছে। অন্যান্য দাবির মধ্যে রয়েছে, লিমনের ওপর র্যাবের নিষ্ঠুরতার জন্য স্বরাষ্ট্রমন্ত্রীর পক্ষ থেকে ক্ষমা প্রার্থনা ও দোষী র্যাব সদস্যদের বিচার করা এবং এ পর্যন্ত র্যাব কর্তৃক সংঘটিত ৭০০ বিচারবহির্ভূত হত্যার প্রতিটির সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করা। গতকালের অনুষ্ঠান থেকে পক্ষকালব্যাপী স্বাক্ষর সংগ্রহ অভিযান শুরু হয়েছে। কর্মসূচির উদ্বোধন করেন ভাস্কর ফেরদৌসী প্রিয়ভাষিণী। ৩০ জুন পর্যন্ত স্বাক্ষর সংগ্রহ করার পর চার দফা দাবিতে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি দেওয়া হবে বলে জানিয়েছেন আয়োজকেরা।অনুষ্ঠানে লিমনের পড়াশোনা চালিয়ে নেওয়ার ব্যাপারে আশঙ্কা প্রকাশ করে তাঁর মা হেনোয়ারা বেগম বলেন, ‘আমার ছেলেকে গুলি করে পঙ্গু কইর্যা ফেলছে রাষ্ট্রীয় বাহিনী। এখন চারিদিক থেকে পেছাইয়া তাকে সন্ত্রাসী বানানোর লাগি চেষ্টা করছে।’ তিনি বলেন, ‘আমার ছেলে কীভাবে বাইচা থাকতে পারে, স্বরাষ্ট্রমন্ত্রী সে ব্যবস্থা কইর্যা দেন।’ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক রোবায়েত ফেরদৌসের সঞ্চালনায় আরও বক্তব্য দেন কবি বেলাল চৌধুরী, গণসংগীত শিল্পী কফিল উদ্দিন, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জুনায়েদ সাকি প্রমুখ।অনুষ্ঠানে মঙ্গলবার ‘র্যাবের গুলিতে’ নারায়ণগঞ্জের দুই স্কুলছাত্রের হতাহতের ঘটনার নিন্দা ও এর সুষ্ঠু তদন্তের দাবি জানানো হয়।