
র্যাবের গুলিতে পা হারানো লিমনের বিরুদ্ধে সব মামলা প্রত্যাহারের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে অনুরোধ জানিয়েছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান। গতকাল বৃহস্পতিবার রাজধানীর মগবাজারে জাতীয় মানবাধিকার কমিশনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অনুরোধ জানান।মিজানুর রহমান বলেন, জাতীয় মানবাধিকার কমিশন লিমনের ব্যাপারে শুরু থেকে সুদৃঢ় অবস্থান নিয়েছে। কমিশন সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়কে আবারও বিনীতভাবে অনুরোধ করছে, লিমনের বিরুদ্ধে সব মিথ্যা মামলা প্রত্যাহার করে তার নাগরিক অধিকার সুরক্ষার জন্য।হরতাল ও রাজনৈতিক সহিংসতায় দেশের সাম্প্রতিক মানবাধিকার-পরিস্থিতি নিয়ে কমিশনের বক্তব্য তুলে ধরতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। তাঁর লিখিত বক্তব্যে লিমনের প্রসঙ্গও আসে।বক্তব্যের শুরুতে কমিশনের চেয়ারম্যান রাজনৈতিক বিষয়ে কোনো প্রশ্ন না করে মানবাধিকার বিষয়ে প্রশ্ন করার অনুরোধ করেন। লিখিত বক্তব্যের বড় একটা অংশজুড়ে ছিল রাজনৈতিক প্রসঙ্গ।লিখিত বক্তব্যে মিজানুর রহমান বলেন, হরতাল আজ আতঙ্ক, অনিশ্চয়তা ও ভয়াবহতার এক সমার্থক শব্দ। বৃহত্তর জনগোষ্ঠীর অধিকারের চেয়ে দলীয় ও সংকীর্ণ স্বার্থে হরতাল ডাকা হচ্ছে। সহিংসতার পরিবর্তে শান্তিপূর্ণ বিকল্প রাজনৈতিক কর্মসূচি খোঁজার জন্য রাজনৈতিক দলগুলোর প্রতি কমিশন অনুরোধ করছে। তিনি বলেন, ‘বেশ কয়েক মাস ধরে রাজনৈতিক কর্মসূচি হিসেবে বিরোধী দল প্রায়ই হরতাল দিচ্ছে। গণতান্ত্রিক কর্মসূচি হিসেবে হরতাল অত্যন্ত কার্যকর একটি কৌশল, যা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সঙ্গে সম্পৃক্ত। কিন্তু সাম্প্রতিক বাস্তবতায় হরতালের যথেচ্ছ ব্যবহারের ফলে এর উপযোগিতা সম্পূর্ণরূপে নষ্ট হয়েছে।’মিজানুর রহমান বলেন, ‘ঘন ঘন হরতালের কারণে শিক্ষার্থী, দরিদ্র, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষেরাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অনেকেই হতাহত হচ্ছেন। হরতাল ও রাজনৈতিক সহিংসতার কারণে বাংলাদেশ সম্পর্কে বিদেশিদের মধ্যে নেতিবাচক ধারণা করা তৈরি হচ্ছে। এ কারণে আমাদের ব্যবসা-বাণিজ্য ঝুঁকির মধ্যে পড়েছে।’মতিঝিলে হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে মানবাধিকার কমিশনের কোনো পর্যবেক্ষণ আছে কি না—এমন প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, ‘জনবল ও বিভিন্ন ধরনের সমস্যা থাকায় হেফাজতের বিষয়ে তদন্ত করিনি। তবে সেখানে অগণতান্ত্রিক শক্তি প্রয়োগ হওয়ার বিষয়ে আমরা অবহিত নই। এ ব্যাপারে আমরা লিখিত কোনো কিছু পাইনি।’
আরেক প্রশ্নের জবাবে মিজানুর রহমান বলেন, নারায়ণগঞ্জে পুলিশের হেফাজতে সম্প্রতি শামীম রেজা নামের এক ব্যক্তির মৃত্যুর ঘটনায় জড়িত ব্যক্তিদের অবশ্যই শাস্তির ব্যবস্থা করতে হবে। জড়িত পুলিশ সদস্যদের শুধু প্রত্যাহার করলে তা গ্রহণযোগ্য হবে না।
সম্মেলনে কমিশনের পরিচালক (প্রশাসন) হুমায়ুন কবীর, পরিচালক (অভিযোগ ও তদন্ত) শামীম আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।