র্যাবের কর্মকর্তাদের বিরুদ্ধে লিমন হোসেনের মায়ের দায়ের করা মামলায় হস্তক্ষেপের অভিযোগ নাকচ করে দিয়ে জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান বলেছেন, বিষয়টি নিয়ে ভুল-বোঝাবুঝি হচ্ছে। গতকাল রোববার এক বিবৃতিতে মানবাধিকার কমিশনের চেয়ারম্যান বলেন, ‘বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়েছে, আমি র্যাবের বিরুদ্ধে দায়ের করা মামলাটি প্রত্যাহার করতে লিমনকে প্রস্তাব দিয়েছি। আমার বিশ্বাস, বিষয়টি নিয়ে একধরনের ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে।’২০১১ সালের ২৩ মার্চ ঝালকাঠির রাজাপুর উপজেলায় নিজের গ্রামের বাড়ির কাছে র্যাবের সদস্যরা কলেজছাত্র লিমনের পায়ে গুলি করেন। পরে তাঁর ওই পা কেটে ফেলতে হয়। নিজের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান বলেন, তিনি লিমন ও তাঁর মাকে ডেকে নিয়ে তাঁদের পরিবারের সার্বিক অবস্থা জানতে চান। লিমনের পড়াশোনা ও মামলার অগ্রগতির খোঁজখবর নেন।মিজানুর রহমান বলেন, তিনি চান লিমন ন্যায়বিচার পাক। এটি যখন লিমনের ন্যায়বিচার পাওয়ার প্রশ্ন, তখন কোনো আপস নয়। লিমনের বিরুদ্ধে র্যাবের দায়ের করা মামলা সরকার প্রত্যাহার করে তাঁকে স্বাভাবিক জীবনে ফিরে আসতে সাহায্য করবে বলে তিনি আশা প্রকাশ করেন।