লিমনের মায়ের করা রিভিশনের শুনানি শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির লিমন হোসেন হত্যাচেষ্টা মামলা থেকে র‌্যাবের ছয় সদস্যকে অব্যাহতি দেওয়ার বিরুদ্ধে তাঁর মায়ের করা রিভিশন আবেদনের শুনানি গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে। এর আগে ১১ বার তারিখ নির্ধারণ করা হলেও রাষ্ট্রপক্ষ বারবার সময় পেছানোর আবেদন করায় এই রিভিশন আবেদনের শুনানি হয়নি।
আগামী ১২ ফেব্রুয়ারি শুনানির পরবর্তী তারিখ নির্ধারণ করা হয়েছে। ২০১৩ সালের ১৯ মার্চ লিমনের মা হেনোয়ারা বেগম ঝালকাঠির জেলা ও দায়রা জজ আদালতে এ রিভিশন আবেদন করেছিলেন।
হেনোয়ারার পক্ষে গতকাল আদালতে শুনানি করেন আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী আবদুর রশীদ, ঝালকাঠির আইনজীবী মল্লিক নাসির উদ্দিন, আককাস সিকদার ও মানিক আচার্য্য। শুনানিতে আইনজীবীরা বলেন, ২০১১ সালের ২৩ মার্চ বরিশাল র‌্যাব-৮-এর উপসহকারী পরিচালক (ডিএডি) লুৎফর রহমানের নেতৃত্বে র‌্যাবের ছয় সদস্য ওই সময়ের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্র লিমনের পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে। এ ঘটনা ধামাচাপা দিতে উল্টো লিমনের নামে দুটি মামলা করা হয়। সরকার র‌্যাবের ভুল বুঝতে পেরে লিমনকে দুটি মামলা থেকেই ইতিমধ্যে অব্যাহতি দিয়েছে। এ থেকেই প্রমাণিত হয় লিমন নির্দোষ; র‌্যাবের সদস্যরা দোষী। বিচার বিভাগীয় তদন্ত হলেই প্রকৃত ঘটনা বের হয়ে আসবে।
রাষ্ট্রপক্ষের কৌঁসুলি আবদুল মান্নান বলেন, লিমনের ঘটনাটি ছিল নিছক একটি দুর্ঘটনা। র‌্যাব রাজাপুরের শীর্ষ সন্ত্রাসী মোরশেদ জমাদ্দারকে ধরতে গেলে এ ঘটনা ঘটে। র‌্যাব লিমনকে উদ্দেশ্যমূলকভাবে গুলি করেনি। শুনানির এই পর্যায়ে জেলা ও দায়রা জজ এস এম সোলায়মান শুনানি মুলতবি করে আগামী ১০ ফেব্রুয়ারি পরবর্তী শুনানির তারিখ ধার্য করেন।
লিমনকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে ২০১১ সালের এপ্রিলে মা হেনোয়ারা ডিএডি লুৎফরসহ র‌্যাবের ছয় সদস্যের বিরুদ্ধে মামলা করেন। ২০১২ সালের ১৪ আগস্ট সবাইকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে পুলিশ। ওই বছরের ৩০ আগস্ট হেনোয়ারা বেগম চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। ২০১৩ সালের ১৩ ফেব্রুয়ারি জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শাহীদুল ইসলাম নারাজি আবেদন খারিজ করে দেন। একই বছরের ১৯ মার্চ হেনোয়ারা বেগম বাদী হয়ে জেলা ও দায়রা জজ আদালতে বিচারিক হাকিমের খারিজ আদেশের বিরুদ্ধ রিভিশন আবেদন করেন।