লিমনের মায়ের নারাজি আবেদন খারিজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির কলেজছাত্র লিমনকে গুলি করে হত্যার চেষ্টার অভিযোগে করা মামলা থেকে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ছয় সদস্যকে অব্যাহতি দেওয়ার বিরুদ্ধে লিমনের মায়ের নারাজি আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শাহিদুল ইসলামের আদালতে গতকাল বুধবার দুপুরে ওই আবেদনের অধিকতর শুনানি অনুষ্ঠিত হয়। শুনানিতে লিমনের মা হেনোয়ারা বেগমের পক্ষে আইনজীবী নাসিরউদ্দিন, নাসিমুল হাসান, মানিক আচার্য্য, আইন ও সালিশ কেন্দ্রের আইনজীবী সালমা জাবিন ও মিজানুর রহমান অংশ নেন। শুনানি শেষে বিচারক সন্ধ্যায় আবেদনটি খারিজের আদেশ দেন।লিমনের মা বলেন, ‘আমি আদালতের এই আদেশে কষ্ট পেয়েছি। আদেশের বিরুদ্ধে আমি উচ্চ আদালতে যাব।’এদিকে একই আদালতে র‌্যাবের দায়ের করা সরকারি কাজে বাধাদানের মামলায় লিমনের বিরুদ্ধে পুলিশের দেওয়া অভিযোগপত্র পর্যালোচনার দিন ধার্য ছিল গতকাল। আদালত অভিযোগপত্র পর্যালোচনার জন্য আগামী ৩ এপ্রিল নতুন তারিখ ধার্য করেন। গত বছরের ১৪ আগস্ট বরিশাল র‌্যাব-৮-এর উপপরিচালক লুৎফর রহমানসহ ছয় র‌্যাব সদস্যকে লিমন হত্যাচেষ্টা মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম তালুকদার। ৩০ আগস্ট হেনোয়ারা বেগম এই প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। ১৭ অক্টোবর নারাজি আবেদনের ওপর শুনানি হয়। গত বছরের ১২ নভেম্বর আদেশের দিন ধার্য করা হয়। কিন্তু ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের বিচারক নুসরাত জাহান ৮ নভেম্বর বদলি হয়ে যাওয়ায় ওই তারিখে আদেশ দেওয়া হয়নি। ১২ ডিসেম্বর নতুন বিচারক মো. শাহিদুল ইসলাম অধিকতর শুনানির জন্য গতকাল ১৩ ফেব্রুয়ারি দিন ধার্য করেন। ২০১১ সালের ১০ এপ্রিল হেনোয়ারা বেগম জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতে লিমনকে হত্যাচেষ্টার অভিযোগে নালিশি মামলা করেছিলেন।