র্যাবের গুলিতে লিমনের পা হারানোর ঘটনায় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তদন্ত কমিটি গতকাল সোমবার ঝালকাঠি সার্কিট হাউসে তার মায়ের বক্তব্য নিয়েছে। তবে লিমনের মা লিখিত বক্তব্যের ওপর সই করেননি। লিমনের ওপর র্যাবের নিষ্ঠুরতার প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সমাবেশ করেছে প্রগতিশীল ছাত্রজোট। সূত্র জানায়, বিকেল পাঁচটার দিকে তদন্ত কমিটির প্রধান বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শওকত আকবর ঝালকাঠির সার্কিট হাউসে প্রায় এক ঘণ্টা লিমনের মায়ের বক্তব্য নেন।লিমনের মা হেনোয়ারা বেগম জানান, ‘লিমনকে হত্যাচেষ্টার ঘটনায় করা মামলার তদন্ত কর্মকর্তা এসআই হালিম তালুকদার আমাকে কথা শোনার জন্য বিকেলে ঝালকাঠি সার্কিট হাউসে যাইতে কয় (বলেন)। এরপর আমি হ্যাহানে (সেখানে) যাই। তদন্ত কমিটির প্রধান আমার কাছে ২৩ মার্চের ঘটনা হোনেন (শোনেন)। কমিটি কাগজে আমার বক্তব্য ল্যাখছেন, তয় আমি কাগজে সই দিনাই (দিইনি)।’ লিমনের বড় ভাই হেমায়েত হোসেন বলেন, ‘আমার মায়ের বক্তব্য তদন্ত দল ছয়টি সাদা কাগজে লেখে। একটি কাগজের ওপর মাত্র দুই-তিন লাইন লিখে এর অনেক নিচে মাকে সই দিতে বললে তিনি সই করেননি।’স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটির প্রধান বরিশালের অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) শওকত আকবর সাংবাদিকদের বলেন, ২০ এপ্রিল স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তদন্ত কমিটি গঠন করার পর ২৯ এপ্রিল থেকে তদন্তকাজ শুরু করা হয়। ৮ মে ঘটনাস্থল রাজাপুরের সাতুরিয়া গ্রামে গিয়ে তদন্ত কমিটি এলাকাবাসীর সঙ্গে কথা বলেছে। দ্বিতীয় দফায় ১২ মে রাজাপুরের ডাকবাংলোতে লিমনের প্রতিবেশীদের লিখিত বক্তব্য লিপিবদ্ধ করা হয়।কৃত্রিম পা সংযোজনে মাপ: ঢাকার সাভারের বেসরকারি উন্নয়ন সংস্থা সেন্টার ফর ডিজেবিলিটি ইন ডেভেলপমেন্ট (সিডিডি) পঙ্গু হাসপাতালে চিকিৎসাধীন লিমন হোসেনের কৃত্রিম পা সংযোজনের জন্য তার পায়ের মাপ নিয়েছে। লিমনের বাবা তোফাজ্জেল হোসেন প্রথম আলোকে জানান, গতকাল বেলা ১১টার দিকে সিডিডির সমন্বয়কারী মইনুল ইসলাম, আইন ও সালিশ কেন্দ্রের (আসক) জ্যেষ্ঠ তদন্ত কর্মকর্তা খোরশেদ আলম পঙ্গু হাসপাতাল কর্তৃপক্ষের অনুমতি নিয়ে লিমনকে সাভারের সিডিডির প্রধান কার্যালয়ে নিয়ে যান।নিষ্ঠুরতার প্রতিবাদে সমাবেশ: র্যাবের নিষ্ঠুরতার প্রতিবাদে গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলায় প্রগতিশীল ছাত্রজোট সংহতি সমাবেশের আয়োজন করে। সমাবেশে কলামিস্ট সৈয়দ আবুল মকসুদ বলেন, ‘অন্যায়ভাবে গুলি করে লিমনকে পঙ্গু করে দেওয়া হয়েছে। স্বাধীন-গণতান্ত্রিক দেশে এটা চলতে দেওয়া যায় না।’ অর্থনীতি বিভাগের শিক্ষক এম এম আকাশ বলেন, ‘র্যাব আত্মরক্ষার দোহাই দিয়ে গুলি করে বলে দাবি করলেও অধিকাংশ ঘটনাই থাকে সাজানো।’ সমাবেশে সাদিয়া রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক মাসুম বিল্লাহ, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি সাইফুজ্জামান সাকন, ছাত্র ফেডারেশনের সভাপতি আরিফুল ইসলাম বক্তব্য দেন।