লিমনের মায়ের রিভিশন আবেদনের শুনানি হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঝালকাঠির মো. লিমন হোসেনকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে তাঁর মায়ের করা মামলাটি টেকানোর জন্য আদালতে করা রিভিশন আবেদনের ওপর গতকাল মঙ্গলবার শুনানি হয়নি। রাষ্ট্রপক্ষ সময়ের আবেদন করায় বিচারক মো. শহিদুল্লাহ বকাউল আগামী ৮ সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন। এ নিয়ে তিনবার রিভিশনের শুনানির তারিখ পেছাল।ঝালকাঠির জ্যেষ্ঠ বিচারিক হাকিম মো. শাহীদুল ইসলাম গত ১৩ ফেব্রুয়ারি নারাজি আবেদন খারিজ করেছিলেন। ১৯ মার্চ লিমনের মা হেনোয়ারা বেগম রিভিশন আবেদন করেন। গতকাল রিভিশনটি শুনানির জন্য জেলা ও দায়রা জজ আদালতের কার্যতালিকায় ছিল। গতকাল শুনানির জন্য হেনোয়ারা বেগমের পক্ষে আদালতে উপস্থিত ছিলেন মু. নাসির উদ্দিন কবীর ও মানিক আচার্য্য। রাষ্ট্রপক্ষে সময়ের আবেদন করেন সরকারি কৌঁসুলি আ. মান্নান। লিমনকে গুলি করে হত্যাচেষ্টার অভিযোগে তাঁর মা র‌্যাবের ছয় সদস্যকে আসামি করে রাজাপুর থানায় মামলা করেন। র‌্যাব-৮-এর উপপরিচালক লুৎফর রহমানসহ ছয় র‌্যাব সদস্যকে লিমন হত্যাচেষ্টা মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে গত বছরের ১৪ আগস্ট বরিশাল আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন রাজাপুর থানার উপপরিদর্শক (এসআই) আবদুল হালিম তালুকদার। ৩০ আগস্ট লিমনের মা চূড়ান্ত প্রতিবেদনের বিরুদ্ধে নারাজি আবেদন করেন। গত ১৩ ফেব্রুয়ারি শুনানি শেষে নারাজি আবেদন খারিজ করে দেন বিচারক।