লির জ্ঞান ফেরেনি লিলি স্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দুর্বৃত্তের হামলায় আহত তাইওয়ানের নাগরিক ওয়াং লি চির এখনো জ্ঞান ফেরেনি। তবে তাঁর স্ত্রী লিলি হুয়ার অবস্থা কিছুটা ভালো। এই দুজনের ওপর হামলার ঘটনায় জড়িত মূল অপরাধীদের কাউকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ওই দুই বিদেশি এখনো চিকিৎসাধীন। ওই হাসপাতালের ব্যবস্থাপক মফিদুল ইসলাম গতকাল শনিবার প্রথম আলোকে জানান, লিলি হুয়ার শারীরিক অবস্থা ভালো। তবে ওয়াং লির এখনো জ্ঞান ফেরেনি। ওয়াং লি চি এবং তাঁর স্ত্রী গাজীপুরে জিং জিং ইয়াং ইন্টারন্যাশনাল কোম্পানি নামে একটি প্লাস্টিক কারখানার মালিক। গত বৃহস্পতিবার রাতে রাজধানীর উত্তরার ৪ নম্বর সেক্টরের ১৪/এ সড়কের বাসায় ঢুকে এই তাইওয়ানি দম্পতিকে কুপিয়ে গুরুতর আহত করে দুর্বৃত্তরা। এ ঘটনায় শুক্রবার জাহাঙ্গীর নামে একজনকে গ্রেপ্তার করা হয়।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম জানিয়েছেন, ব্যবসায়িক দ্বন্দ্বের কারণে এ ঘটনা ঘটেছে। এর সঙ্গে ব্যবসায়িক স্বার্থ জড়িত বলে জানান তিনি। গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, জাহাঙ্গীর জিজ্ঞাসাবাদে ব্যবসায়িক দ্বন্দ্বের কথা স্বীকার করেছেন। এ ছাড়া ওই দম্পতি দুজনকে শনাক্ত করেছেন। গ্রেপ্তার জাহাঙ্গীরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে এ ঘটনা সম্পর্কে আরও তথ্য জানা যাবে বলে মনে করছে পুলিশ। ডিএমপির উপ-কমিশনার মুনতাসিরুল ইসলাম গতকাল সন্ধ্যায় বলেন, কারখানার কর্মচারী মাসুদ ও বাসার গৃহকর্মী হালিমাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
গাজীপুরের বড়বাড়ী এলাকায় ওয়াং ও লিলি দম্পতির জিং জিং ইয়াং ইন্টারন্যাশনাল কোম্পানি নামের প্লাস্টিকের দরজা তৈরির একটি কারখানা আছে। উত্তরার বাড়ির নিচতলা ও দ্বিতীয় তলায় তাঁদের ব্যবসায়িক কার্যালয়। এই কারখানায় চুক্তিতে কাজ করতেন রাজু ও সাজু।