একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় হবিগঞ্জের মো. লিয়াকত আলী ও কিশোরগঞ্জের আমিনুল ইসলাম ওরফে রজব আলীর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
দুই আসামির বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের দাখিল করা আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়ে বিচারপতি আনোয়ারুল হকের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল গতকাল বুধবার এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। এ সময় ট্রাইব্যুনালে ছিলেন রাষ্ট্রপক্ষের কৌঁসুলি রানা দাশগুপ্ত, রেজিয়া সুলতানা ও তাপস কান্তি বল।
রাষ্ট্রপক্ষ জানায়, এই দুজনের বিরুদ্ধে মুক্তিযুদ্ধকালে গণহত্যা ও মানবতাবিরোধী অপরাধ হিসেবে হত্যা, নির্যাতন, আটক ও লুণ্ঠনের সাতটি অভিযোগ আনা হয়েছে। পরে তাঁদের গ্রেপ্তারের জন্য পরোয়ানা জারির আবেদন করা হলে ট্রাইব্যুনাল তা মঞ্জুর করেন।
তদন্ত সংস্থা জানায়, মুক্তিযুদ্ধকালে লিয়াকত মুসলিম লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। পরে তিনি হবিগঞ্জের একটি ইউনিয়নে রাজাকার বাহিনীর দায়িত্ব পালন করেন। আর আমিনুল ইসলাম ১৯৭০ সালে ভৈরবে ইসলামী ছাত্র সংঘের (জামায়াতে ইসলামীর তৎকালীন ছাত্র সংগঠন) হাজি হাসমত আলী কলেজ শাখার সভাপতি হন। একাত্তরে তিনি ভৈরবে পাকিস্তানি সেনাদের ক্যাম্পে অস্ত্র প্রশিক্ষণ নেন। পরে তিনি এলাকায় ফিরে আলবদর বাহিনী গঠন করেন।