লিয়াকতের বিরুদ্ধে আরও দুই মামলা
চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় কয়লাবিদ্যুৎ প্রকল্পবিরোধী সংগঠন ‘বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটি’র আহ্বায়ক লিয়াকত আলীকে আসামি করে অস্ত্র আইনে ও নাশকতার পরিকল্পনার অভিযোগে দুটি মামলা করেছে পুলিশ। এ ছাড়া তাঁর বাবা দুদু মিয়াকে (৭০) পুলিশের ওপর হামলার অভিযোগে করা মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
গত সোমবার গভীর রাতে বাঁশখালী থানায় মামলা দুটি করা হয়।
লিয়াকতের বাবা দুদু মিয়াকে গত সোমবার পশ্চিম গণ্ডামারা এলাকা থেকে আটক করে পুলিশ। তাঁকে আটক করে নিয়ে যাওয়ার সময় স্থানীয় লোকজন পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছোড়ে। পুলিশ বলছে, লিয়াকতের বাড়ি থেকে দুটি এলজি ও চারটি গুলি উদ্ধার করা হয়েছে।
গত ৪ এপ্রিল গণ্ডামারার হাদিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্রের পক্ষে-বিপক্ষে ডাকা সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষ হয়। এ সময় গুলিতে চার গ্রামবাসী নিহত হন।
সাতকানিয়া অঞ্চলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভুঁইয়া গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রথম আলোকে বলেন, গত সোমবার লিয়াকতের ঘর থেকে দুটি এলজি ও চারটি গুলি উদ্ধারের ঘটনায় লিয়াকতকে আসামি করে অস্ত্র আইনে একটি মামলা করা হয়। এ ছাড়া নাশকতার পরিকল্পনার অভিযোগে লিয়াকতসহ ৫০ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা দুই হাজার লোককে আসামি করে আরও একটি মামলা করেছে পুলিশ। লিয়াকতকে গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে। তিনি জানান, লিয়াকতের বাবাকে গত ৪ এপ্রিল পুলিশের ওপর হামলার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
এদিকে লিয়াকত আলী মুঠোফোনে দাবি করেন, আন্দোলন দমাতে পুলিশ তাঁর বৃদ্ধ বাবাকে মিথ্যা মামলায় গ্রেপ্তার করেছে। গ্রেপ্তার আতঙ্কে গণ্ডামারার লোকজন ঘরে থাকতে পারছেন না, আবার বাইরেও যেতে পারছেন না। তিনি বলেন গ্রেপ্তার, মামলা-হামলা দিয়ে প্রশাসন তাঁদের আন্দোলন থেকে সরাতে পারবে না।