গোপালগঞ্জের কোটালীপাড়া উপজেলার দেওপুরা গ্রামের কিশোরী লিয়া আক্তারকে (১৫) ধর্ষণের পর গলাটিপে হত্যা করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার গোপালগঞ্জের জ্যেষ্ঠ বিচারিক হাকিম সাইফুল ইসলামের আদালতে ১৬৪ ধারায় এই স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন ইয়াসিন সিকদার (১৮)।৮ সেপ্টেম্বর উপজেলার কাকডাঙ্গার বিলে লিয়াকে হত্যা করা হয়। এ ঘটনায় ১০ সেপ্টেম্বর কাকডাঙ্গা গ্রাম থেকে ইয়াসিনকে গ্রেপ্তার করা হয়। তাঁর স্বীকারোক্তি অনুযায়ী কাকডাঙ্গার বিল থেকে কিশোরীর জামা-কাপড় উদ্ধার করা হয়েছে।ইয়াসিনের দেওয়া তথ্য অনুযায়ী গ্রেপ্তার করা হয় সোহেল সিকদারকে (২৫)। দুজনের বাড়ি দেওপুরা গ্রামে। আদালতের মাধ্যমে ১১ সেপ্টেম্বর তাঁদের তিন দিনের রিমান্ডে নেওয়া হয়। রিমান্ডের দ্বিতীয় দিন ইয়াসিন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিলেন।রিমান্ডে ইয়াসিনের স্বীকারোক্তিমূলক জবানবন্দির বরাত দিয়ে কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তোতা মিয়া প্রথম আলোকে বলেন, কিশোরী লিয়া ৮ সেপ্টেম্বর দেওপুরা গ্রাম থেকে তার দাদির বাড়ি হিরণ গ্রামে যাচ্ছিল। পথে ইয়াসিন, সোহেল ও তাঁদের এক সহযোগী কৌশলে তাকে নৌকায় তোলেন। পরে কাকডাঙ্গার বিলের মধ্যে নিয়ে তাঁরা তাকে রাতভর ধর্ষণ করেন। ভোররাতে গলাটিপে হত্যা করেন লিয়াকে। পরে তার কাপড় খুলে লাশ বিলের মধ্যে কচুরিপানার নিচে লুকিয়ে রাখা হয়।ওসি বলেন, গ্রামবাসীর তথ্যের ভিত্তিতে পুলিশ ১০ সেপ্টেম্বর কাকডাঙ্গার বিল থেকে কিশোরীর লাশ উদ্ধার করে। কিশোরীর বাবা লায়েক শেখ বাদী হয়ে ওই দিনই থানায় হত্যা মামলা করেন। এর সঙ্গে এখন অপহরণ, ধর্ষণ ও লাশ গুমের ধারাগুলো যুক্ত হবে। তিনি বলেন, এ ঘটনায় জড়িত তৃতীয় ব্যক্তিকে খুঁজছে পুলিশ।