লিয়াজোঁ কমিটির কার্যক্রম শুরু বৈঠকে বসতে শিবিরের শর্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের সংঘর্ষে দুই ছাত্র নিহত হওয়ার পরিপ্রেক্ষিতে গঠিত লিয়াজোঁ কমিটি কার্যক্রম শুরু করেছে। গত বুধবার কমিটির প্রথম বৈঠক হয়েছে।কমিটি ইতিমধ্যে বৈঠকে বসতে বিশ্ববিদ্যালয়ে সক্রিয় ছাত্রসংগঠনগুলোর সঙ্গে যোগাযোগ করছে। খুব শিগগির ছাত্রসংগঠনগুলোর সঙ্গে কমিটি সংলাপ শুরু করবে বলে জানা গেছে। এদিকে বৈঠকে বসতে ছাত্রশিবির কিছু শর্ত বেঁধে দিয়েছে। তবে অন্য ছাত্রসংগঠনগুলো কোনো শর্ত দেয়নি বলে জানা গেছে।১০ সদস্যের লিয়াজোঁ কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা খান তৌহিদ ওসমান প্রথম আলোকে বলেন, ‘কমিটির পক্ষ থেকে ছাত্রসংগঠনগুলোর নেতাদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তাঁদের সঙ্গে বৈঠকের সময়সূচি নির্ধারণ করতে শনিবার আবারও বৈঠকে বসবে কমিটি।’ নির্ধারিত সময়ের মধ্যে কমিটির কাজ শেষ হবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন লিয়াজোঁ কমিটির প্রধান।উল্লেখ্য, ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষে দুই ছাত্র নিহত হন। এর পরদিন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভা হয়। সভায় ১০ সদস্যর লিয়াজোঁ কমিটি ও পাঁচ সদস্যর একটি তদন্ত কমিটি গঠন করা হয়।মূলত বিশ্ববিদ্যালয় খোলার আগে বিবদমান ছাত্রসংগঠনগুলোসহ সংশ্লিষ্ট সবার সঙ্গে আলোচনা করার জন্য লিয়াজোঁ কমিটি গঠন করা হয়। কমিটিকে ছাত্র সংঘর্ষসহ বিভিন্ন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য সুপারিশ দেওয়ার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।বৈঠকে আমন্ত্রণ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বদিউল আলম বলেন, ‘বৈঠকে বসতে হলে কর্তৃপক্ষকে আমাদের কিছু শর্ত পূরণ করতে হবে। অন্যথায় ছাত্রশিবির কোনো বৈঠকে অংশগ্রহণ করবে না।’