চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবিরের নেতাদের সঙ্গে বৈঠক করেছে লিয়াজোঁ কমিটি। গতকাল বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে এই বৈঠক হয়।বৈঠকে উভয় ছাত্র সংগঠন কমিটির কাছে নির্ধারিত সময়ের মধ্যে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়াসহ বিভিন্ন দাবি তুলে ধরেছে। কাল শনিবার বিশ্ববিদ্যালয়ের প্রগতিশীল ছাত্রজোটের সঙ্গে লিয়াজোঁ কমিটির বৈঠক করার কথা।উল্লেখ্য, গত ৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে দুই ছাত্র নিহত হয়। এ ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয় সিন্ডিকেটের জরুরি সভায় ১০ সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন করা হয় এবং বিশ্ববিদ্যালয় ২ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। কমিটিকে ছাত্র সংঘর্ষসহ অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য সুপারিশ দেওয়ার নির্দেশনা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।লিয়াজোঁ কমিটি সকালে ছাত্রশিবিরের নেতাদের ও দুপুরে ছাত্রদলের নেতাদের সঙ্গে বৈঠক করে। বৈঠকে লিয়াজোঁ কমিটির পক্ষে নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা ও কমিটি-প্রধান খান তৌহিদ ওসমান।খান তৌহিদ ওসমান প্রথম আলোকে বলেন, ‘উভয় ছাত্রসংগঠনের সঙ্গে ফলপ্রসূ আলোচনা হয়েছে। দুই ছাত্রসংগঠনই বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার ব্যাপারে ইতিবাচক মনোভাব পোষণ করেছে।’ছাত্রশিবিরের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি বদিউল আলম প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে আমাদের দাবিগুলো কমিটিকে জানিয়েছি।’ছাত্রশিবিরের দাবির মধ্যে রয়েছে সংঘর্ষে নিহত শিবির নেতাদের খুনিদের গ্রেপ্তার ও বিচার, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত এবং সংঘর্ষের দিন গ্রেপ্তার করা শিবির নেতাদের নিঃশর্ত মুক্তি।এ ছাড়া ছাত্রদলও কমিটির কাছে ৯ দফা দাবি জানিয়েছে। তাদের উল্লেখযোগ্য দাবিগুলো হলো সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া, সব আবাসিক হলে সহাবস্থান নিশ্চিত, সেশনজট নিরসনে কার্যকর পদক্ষেপ, শক্তিশালী প্রক্টরিয়াল বডি গঠন ইত্যাদি।ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি আমিনুল ইসলাম ও সাধারণ সম্পাদক সাইফুদ্দিন সালাম প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষাকার্যক্রম যাতে কোনোভাবে বিঘ্নিত না হয়, সে দাবিই জানিয়েছি কমিটির কাছে।’