লিয়াজোঁ কমিটির সঙ্গে বৈঠকে ছাত্রলীগের ১০ দফা দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্রলীগের নেতাদের সঙ্গে বৈঠক করেছে লিয়াজোঁ কমিটি। গতকাল বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ক্লাবে এ বৈঠক হয়।প্রায় দুই ঘণ্টার বৈঠকে লিয়াজোঁ কমিটির কাছে ছাত্রলীগ ১০ দফা দাবি পেশ করে। কমিটি আজ বৃহস্পতিবার ছাত্রদলের নেতাদের সঙ্গে বৈঠক করবে বলে জানা গেছে।বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, বৈঠকে লিয়াজোঁ কমিটির পক্ষে নেতৃত্ব দেন কমিটির প্রধান ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র উপদেষ্টা অধ্যাপক খান তৌহিদ ওসমান। এতে ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মামুনুল হক, সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরীসহ ২০ জন নেতা-কর্মী অংশ নেন।বৈঠকে আরও উপস্থিত ছিলেন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার জ্যেষ্ঠ সহসভাপতি আবুল মনসুর সিকদার, সহসভাপতি মোস্তফা সাইফুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন মামুন, সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম, আলমগীর টিপু, রোবায়েত হোসেন, দিয়াজ ইরফান চৌধুরী প্রমুখ।বৈঠক প্রসঙ্গে অধ্যাপক খান তৌহিদ ওসমান প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার পর শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়েছে। ছাত্রলীগ এ ক্ষেত্রে সহযোগিতা করবে বলে জানিয়েছে।’ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক এম এ খালেদ চৌধুরী ও সহসভাপতি মোস্তফা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বিশ্ববিদ্যালয়ে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে আমরা ১০ দফা দাবি কমিটির কাছে দিয়েছি। কমিটি আমাদের দাবিগুলো বিবেচনা করবে বলে আশা করছি।’বৈঠক সূত্র জানায়, ছাত্রলীগের উল্লেখযোগ্য দাবিগুলো হচ্ছে: ৮ ফেব্রুয়ারির সংঘর্ষের ঘটনায় ছাত্রলীগের নেতা-কর্মীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার, সাধারণ শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করে দ্রুত ক্যাম্পাস খুলে দেওয়া, মৌলবাদমুক্ত ক্যাম্পাস প্রতিষ্ঠা ও আবাসিক হলে শিবির ক্যাডারদের আসন বাতিল, ক্যাম্পাসে মডেল থানা স্থাপন, বিশ্ববিদ্যালয়ের যেসব শিক্ষক-কর্মকর্তা-কর্মচারী শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিঘ্নিত করার ষড়যন্ত্রে লিপ্ত আছেন—তদন্ত সাপেক্ষে তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া ইত্যাদি।৮ ফেব্রুয়ারি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে তুচ্ছ ঘটনার জের ধরে ছাত্রলীগ ও ছাত্রশিবিরের মধ্যে রক্তক্ষয়ী সংঘর্ষ হয়। এতে ছাত্রশিবিরের দুই নেতা নিহত হন। ওই ঘটনার পরদিন বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেটের জরুরি সভায় ১০ সদস্যের লিয়াজোঁ কমিটি গঠন এবং বিশ্ববিদ্যালয় ২ মার্চ পর্যন্ত বন্ধ ঘোষণা করা হয়। ছাত্র সংঘর্ষসহ বিভিন্ন ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য কমিটিকে সুপারিশ দেওয়ার নির্দেশনা দেয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।