লীলা নাগের নারী জাগরণের প্রচেষ্টা অনুকরণীয় হয়ে আছে
‘লীলা নাগের আবির্ভাব আকস্মিক নয়। রাজনীতিসচেতন জীবনচর্চা, সাংগঠনিক চর্চা ও অনুশীলন ছিল তাঁর সাফল্যের মূল সূত্র। তাঁর সচেতনতা, মানবসেবার ব্রত, নারী জাগরণের প্রচেষ্টা আমাদের জন্য অনুকরণীয় হয়ে আছে।’
‘লীলা নাগ ও তাঁর জীবন সাধনা’ শীর্ষক ২৬তম নাজমা জেসমিন চৌধুরী স্মারক বক্তৃতায় অধ্যাপক মালেকা বেগম এসব কথা বলেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাজমা জেসমিন চৌধুরী ট্রাস্টি বোর্ড ও আধুনিক ভাষা ইনস্টিটিউট গতকাল বৃহস্পতিবার ইনস্টিটিউটের মিলনায়তনে এ বক্তৃতার আয়োজন করে।
সেন্ট্রাল উইমেন্স বিশ্ববিদ্যালয়ের সোশিওলজি অ্যান্ড জেন্ডার স্টাডিজ বিভাগের প্রধান মালেকা বেগম তাঁর বক্তৃতার শুরুতে আধুনিক ভাষা ইনস্টিটিউটের প্রয়াত শিক্ষক নাজমা জেসমিন চৌধুরীকে স্মরণ করে তাঁর জীবন ও কর্মের ওপর সংক্ষেপে আলোকপাত করেন। স্মারক বক্তৃতায় পূর্ব বাংলার নারীশিক্ষা ও অধিকার আন্দোলনের পথিকৃৎ লীলা নাগকে সম্বোধন করে তিনি বলেন, ‘আমরা বাংলাদেশের নারী আন্দোলনের সঙ্গে যুক্ত নারীসমাজ ও নারী সংগঠনগুলো আপনার কর্মধারা থেকে অভিজ্ঞতা সঞ্চয় করেছি এবং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে দিতে চেয়েছি।’
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ‘লীলা নাগ যে ঐতিহাসিক অবদান রেখে গেছেন, সেটা সব সময় স্মরণে রাখা প্রয়োজন।’
আয়োজনের প্রথম অংশে ইনস্টিটিউটের বাংলা বিভাগ আয়োজিত রচনা প্রতিযোগিতার বিজয়ী জেসন রিৎসি রবসনকে উপাচার্য মেডেল পরিয়ে দেন।