স্থপতি লুই আই কানের মূল নকশা অনুসারে শেরেবাংলা নগরে জাতীয় সচিবালয় হবে। যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে মূল নকশা আনার জন্য চার লাখ ডলার বরাদ্দ দিয়েছে সরকার। মূল নকশায় যেখানে যতটা জায়গা নিয়ে সচিবালয় হওয়ার কথা ছিল, সেভাবেই হবে।
তাই গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় জাতীয় সচিবালয় নির্মাণের প্রকল্পটি পাস করা হয়নি। লুই আই কানের ১৯৭৪ সালের মূল নকশা ধরে প্রকল্পটি তৈরির নির্দেশ দেওয়া হয়েছে।
পরিকল্পনা কমিশনের এনইসি সম্মেলনকক্ষে অনুষ্ঠিত সভায় প্রকল্পটি উপস্থাপন করা হলে একনেকের চেয়ারপারসন প্রধানমন্ত্রী শেখ হাসিনা মূল নকশা দেখে প্রকল্প আনার নির্দেশ দেন।
সভায় পরিকল্পনা কমিশনের সদস্য (ভৌত অবকাঠামো) আরাস্তু খান প্রকল্পটির বিভিন্ন দিক তুলে ধরেন। সভার দায়িত্বশীল সূত্রে জানা গেছে, এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, লুই আই কানের মূল নকশা নিয়ে আসেন। ১৯৭৪ সালে লুই আই কান যখন মূল নকশাটি করেন, তখন ২৭টি মন্ত্রণালয়ের জন্য এ পরিকল্পনা করেন। তখন সেখানে মসজিদ ছিল, মাঝে বাগান ছিল, চন্দ্রিমা উদ্যানের ওখানে একটি বড় সড়ক ছিল, এর সামনে লেক ছিল, এরপর সংসদ ভবন ছিল। তাই অনুলিপি ধরে নয়, ১৯৭৪ সালের মূল নকশা ধরে সচিবালয় করতে হবে।
প্রস্তাবিত সচিবালয় নির্মাণের প্রকল্পটি লুই আই কানের নকশার অনুলিপি অনুসারে প্রণয়ন করা হয়েছে। এর ব্যয় ধরা হয়েছিল ২ হাজার ২০৯ কোটি টাকা। একনেক সভায় সিদ্ধান্ত হয়, মূল নকশা এনে তা ধরে প্রকল্পটি প্রণয়ন করতে হবে।
সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজার সরাতে হবে কি না, সভা শেষে সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, কারও মাজার সরাতে হবে কি না, তা লুই আই কানের নকশা দেখলেই বোঝা যাবে। মূল নকশা না দেখে এখন কিছুই বলা যাবে না। সেখানে একটি মাজার, না আরও মাজার আছে—সে বিষয়টি দেখতে হবে। সে জন্য মূল নকশা পাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।
সচিবালয় নির্মাণের প্রকল্প সম্পর্কে জানতে চাইলে নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘বর্তমান সচিবালয় কমপ্লেক্সটি ১৬ একর জমির ওপরে, আর শেরেবাংলা নগরে ৩২ একর জমি পাওয়া যাবে। এতে বেশি জায়গা পাওয়া যাবে। প্রস্তাবিত সচিবালয়ে নয়তলা ভবন হবে। আমি মনে করি, এমন একটি স্থানে ২০ তলার বেশি ভবন হওয়া উচিত। তবে এটাও ভাবতে হবে, লুই আই কানের মূল নকশার ধারণায় বহুতল ভবনের ধারণা ছিল কি না। এ ছাড়া সংসদ ভবনের উচ্চতাও মাথায় রাখতে হবে। তাই নয়তলা ভবন হতেই পারে।
নজরুল ইসলামের মতে, শেরেবাংলা নগরে সচিবালয় হলে যানজটের বিষয়টি গুরুত্বসহকারে দেখতে হবে। পর্যাপ্ত সংযোগ সড়ক ও পার্কিংয়ের ব্যবস্থা থাকতে হবে। তিনি উদাহরণ দিয়ে বলেন, একটি মাত্র সড়ক রোকেয়া সরণি প্রস্তাবিত সচিবালয়ের সঙ্গে সংযোগ করা আছে। মিরপুর রোডের সঙ্গে সরাসরি সংযোগ নেই। প্রস্তাবিত সচিবালয়টির সামনে দিয়ে যে সড়কটি রয়েছে, তা রোকেয়া সরণি ও মিরপুর সড়কের সঙ্গে সোজাভাবে সংযোগ করার সুযোগ নেই। এ ছাড়া বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বড় কোনো অনুষ্ঠান হলে গাড়ির পার্কিং সংস্থান হবে, সেটাও বিবেচনায় আনতে হবে। তিনি আরও বলেন, দূর-দূরান্ত থেকে লোকজন বিভিন্ন কাজে সচিবালয়ে আসবেন। তাঁরা কোথায় থাকবেন? কারণ সচিবালয়ের আশপাশে হোটেল করার মতো জায়গা নেই। এখন যেমন সচিবালয়ের আশপাশে অনেক হোটেল রয়েছে।
এদিকে একনেকের সভায় ১১৪ কোটি টাকায় ঢাকার বেইলি রোডে মন্ত্রীদের জন্য আবাসিক ভবন নির্মাণ (মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট-৩) অনুমোদনের জন্য উত্থাপন করা হয়। এ প্রকল্পে ১৫ তলা ভবনের কথা ছিল। কিন্তু পরে তা ছয়তলা ভবনের অনুমোদন দেয় একনেক। তাই এ প্রকল্পের সংশোধিত ব্যয় কত হবে, তা নির্ধারণ করা যায়নি।
অন্য প্রকল্প: গতকালের একনেক সভায় মোট সাতটি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়। অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো গুচ্ছগ্রাম-২য় পর্যায় প্রকল্প (ক্লাইমেট ভিকটিমস রিহ্যাবিলিটেশন), ঢাকার মিরপুরের ৬ নম্বর সেকশনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ১ হাজার ৬৪টি আবাসিক ফ্ল্যাট নির্মাণ, এসটাবলিশমেন্ট অব ৯৯ কম্পোজিট ব্রিগেড ফর সেফটি অ্যান্ড সিকিউরিটি অব পদ্মা মাল্টিপারপাস ব্রিজ প্রজেক্ট, মাতারবাড়ী কয়লানির্ভর বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের সংযোগ সড়ক নির্মাণ, খুলনা (রূপসা)-শ্রীফলতলা-তেরখাদা সড়ক উন্নয়ন এবং নাজিরহাট-মাইজভান্ডার সড়ক উন্নয়ন প্রকল্প।