লুই কানের নকশা আনতে যুক্তরাষ্ট্র যাচ্ছে প্রতিনিধিদল
জাতীয় সংসদ ভবনের মূল নকশা আনতে পাঁচ সদস্যের একটি প্রতিনিধিদল মে মাসে যুক্তরাষ্ট্র যাচ্ছে। গতকাল মঙ্গলবার সংসদ ভবনে স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকে এ সিদ্ধান্ত হয়।
বৈঠক শেষে স্পিকার সাংবাদিকদের বলেন, লুই আই কানের তৈরি করা সংসদ ভবন ও পার্শ্ববর্তী এলাকার ৮৫৩টি মূল নকশা বর্তমানে যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া ইউনিভার্সিটির আর্কিটেকচারাল আর্কাইভে আছে। এগুলো আনতে মে মাসে একটি প্রতিনিধিদল যুক্তরাষ্ট্র যাবে। লুই কানের নকশা প্রণয়নের সঙ্গে জড়িত একজন স্থপতি এখনো বেঁচে রয়েছেন, যাঁর বয়স ৮৭। প্রতিনিধিদল তাঁর সঙ্গেও দেখা করবে।
স্পিকার আরও বলেন, পেনসিলভানিয়া ইউনিভার্সিটির আর্কাইভ থেকে নকশা খুঁজতে ইতিমধ্যে ৩ হাজার ৫৫০ ডলার ব্যয় করতে হয়েছে। প্রতিটি নকশার জন্য ১৯ ডলার খরচ হবে। এ ছাড়া ১১৫টি নকশা আছে, যেগুলো এখনো তৈরি হয়নি। এগুলো আনতে ৬০ হাজার ডলারের মতো লাগবে।