লুই কানের নকশা বাস্তবায়ন করব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লুই আই কানের নকশা নষ্ট করে যাঁরা সংসদ ভবন এলাকায় স্থাপনা তৈরি করেছেন, তাঁদের জবাবদিহি করতে হবে বলে জানিয়েছেন গৃহায়ণ ও গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। তাঁরা লুই কানের নকশা বাস্তবায়ন করবেন বলে তিনি জানান। গতকাল সংসদের প্রশ্নোত্তরপর্বে মন্ত্রী এসব কথা বলেন।
এ সম্পর্কে সরকারি দলের সদস্য ফজিলাতুন নেসার সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘সংসদ ভবন এলাকার জন্য লুই আই কান যে নকশা করেছিলেন, তা আমাদের কাছে আছে। নকশায় কোনো কবরস্থানের অস্তিত্ব নেই। তবু আমরা মূল নকশা আনানোর চেষ্টা করছি। সে অনুযায়ী সংসদ ভবন এলাকাকে আগের অবস্থানে ফিরিয়ে নেওয়া হবে।’
জাসদের শিরীন আখতারের প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ‘আমরা কারও কবর এখান থেকে তুলে নিয়ে যাব না। লুই কান যা চেয়েছেন বা তাঁর নকশায় যা আছে, আমরা সেখানে ফিরে যাব। তাজমহল রক্ষার জন্য ভারত সরকার সবকিছু করছে। আমরাও লুই কানের নকশা বাস্তবায়নে সব করব।’
প্রসঙ্গত, সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও আবদুস সাত্তার, সাবেক প্রধানমন্ত্রী শাহ আজিজুর রহমান ও আতাউর রহমান খান, মশিউর রহমান যাদু মিয়া, মুসলিম লীগ নেতা খান এ সবুর, সাহিত্যিক, সাংবাদিক ও রাজনীতিক আবুল মনসুর আহমদ এবং পাকিস্তান জাতীয় পরিষদের স্পিকার তমিজউদ্দীন খানের কবর সংসদ ভবন এলাকায় রয়েছে।