লুই কানের নকশা বিন্যাস শুরু
লুই ইসাডোর কানের তৈরি করা জাতীয় সংসদ ভবন ও প্রস্তাবিত সচিবালয় এলাকার নকশার বিন্যাসের কাজ শুরু করেছেন স্থপতিরা। মোট ৩ হাজার ৪১২টি নকশা বিন্যাস শেষে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আনুষ্ঠানিকভাবে তা সংসদ ও যথাযথ কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবেন।
সংসদ ভবনের ২ নম্বর স্থায়ী কমিটির কক্ষে আজ বৃহস্পতিবার নকশার বাক্স খোলা হয়। স্থাপত্য অধিদপ্তরের স্থপতি সাইকা বিনতে আলমের নেতৃত্বে কর্মকর্তারা আজ সারা দিন নকশা বিন্যাসের কাজ করেন। সব কটি নকশা মেলাতে বেশ কয়েক দিন সময় লাগতে পারে বলে সংসদ সচিবালয় সূত্র জানিয়েছে।
১ ডিসেম্বর যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের মহাফেজখানা থেকে লুই কানের তৈরি করা ৮৫৩টি নকশা ঢাকায় আসে। ৪১টি বাক্সে মোট চার সেট নকশা রয়েছে।
স্পিকার শিরীন শারমিন চৌধুরী প্রথম আলোকে বলেন, প্রথমে একটি সেট মিলিয়ে সেটি প্রধানমন্ত্রীকে দেখানো হবে। এরপর একটি সেট সংসদে রেখে বাকিগুলো সরকারের সিদ্ধান্ত অনুযায়ী যেখানে রাখার, সেখানে পাঠানো হবে। প্রধানমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এসব নকশা হস্তান্তর করবেন। অনুষ্ঠানটি ২২ থেকে ২৪ ডিসেম্বরের মধ্যে করার জন্য প্রধানমন্ত্রীর কাছে সময় চাওয়া হবে।
সংসদের নকশাবহির্ভূত স্থাপনার বিষয়ে স্পিকার বলেন, এ নিয়ে এখনো আলোচনা হয়নি। এটি সরকারের নির্বাহী সিদ্ধান্তের বিষয়, সংসদের নয়।
সংসদ সচিবালয়ের অতিরিক্ত সচিব আ ই ম গোলাম কিবরিয়া বলেন, চুক্তি অনুযায়ী পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয় থেকে নকশার সফট কপিও পাওয়া যাবে।
ইতিমধ্যে বিএনপি বলেছে, সংসদ ভবন-সংলগ্ন উদ্যান থেকে জিয়াউর রহমানের কবর সরানোর জন্য এই নকশা আনা হয়েছে।
তবে গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন প্রথম আলোকে বলেছেন, কারও কবর সরানোর জন্য সংস্কার করা হবে না। লুই আই কানের নকশা যেভাবে আছে, সে অবস্থায় ফিরিয়ে নেওয়ার জন্য যা যা করণীয়, সবই করা হবে।