লুই কানের মহাপরিকল্পনা চেয়েছেন আপিল বিভাগ
জাতীয় সংসদ ভবন এলাকা নিয়ে স্থপতি লুই আই কানের মহাপরিকল্পনা তিন মাসের মধ্যে আদালতে হাজির করতে সংসদ সচিবালয়ের সচিবকে নির্দেশ দিয়েছেন আপিল বিভাগ। আজ বুধবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন তিন সদস্যের বেঞ্চ এই আদেশ দেন।
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা প্রথম আলোকে বলেন, সংসদ ভবন এলাকা নিয়ে আই কানের যে মাস্টারপ্ল্যান রয়েছে, তা দেখতে চেয়েছেন আপিল বিভাগ। তিন মাসের মধ্যে সংসদ সচিবালয়ের সচিবকে তা আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।
২০০৩ সালে সংসদ ভবন এলাকায় স্পিকার ও ডেপুটি স্পিকারের আবাসিক ভবন নির্মাণের বৈধতা নিয়ে বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) ও ইনস্টিটিউট অব আর্কিটেক্টস বাংলাদেশ একটি রিট করে। ২০০৪ সালের ২১ জুন রুলের চূড়ান্ত শুনানি শেষে সংসদ ভবন এলাকায় ভবন নির্মাণ কার্যক্রম অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট।
হাইকোর্টের এই রায় স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে আপিল করলে হাইকোর্টের রায় স্থগিত হয়ে যায়। এরপর রাষ্ট্রপক্ষ নিয়মিত লিভ টু আপিল করে। ওই বছরের ১০ নভেম্বর তা মঞ্জুর করেন আপিল বিভাগ। আর আজ বুধবার রাষ্ট্রপক্ষের করা আপিলের শুনানি শুরু হয়েছে।