লুক হত্যাচেষ্টা মামলায় রাকিবুলের স্বীকারোক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হত্যার উদ্দেশ্যেই পাবনার ঈশ্বরদীতে যাজক লুক সরকারের ওপর হামলা চালানো হয় বলে স্বীকার করেছেন হত্যাচেষ্টা মামলার মূল আসামি জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) আঞ্চলিক কমান্ডার রাকিবুল ইসলাম। রিমান্ড শেষে আজ মঙ্গলবার দুপুরে আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি এই ঘটনার সঙ্গে জড়িত থাকা ও হত্যার উদ্দেশ্যে হামলা চালানোর কথা স্বীকার করেছেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ) সিদ্দিকুর রহমান প্রথম আলোকে বলেন, পাঁচ দিনের পুলিশ রিমান্ড শেষে রাকিবুলকে পাবনার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে হাজির করা হয়। আদালতের হাকিম রেজাউল করিমের কাছে রাকিবুল ইসলাম দোষ স্বীকার করে বলেন, ধর্ম প্রচারে বাধা দেওয়ার উদ্দেশ্যে লুক সরকারকে তাঁরা হত্যার পরিকল্পনা করেন। এ নিয়ে বেশ কিছুদিন আগে কয়েকজন মিলে পরামর্শ করেন। পূর্বপরিকল্পনা অনুযায়ী তাঁরা গত ৫ অক্টোবর লুক সরকারের বাড়িতে যান ও তাঁকে হত্যার উদ্দেশ্যে গলায় ছুরি চালান। তিনি বলেন, রাকিবুল তাঁর জবানবন্দিতে এ ঘটনায় জড়িত আরও কয়েকজনের নাম উল্লেখ করেছেন।

ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বলেন, পুলিশি হেফাজতে দুপুর ১২টার দিকে রাকিবুলকে আদালতে নেওয়া হয়। ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করায় রাকিবুলের জন্য আর পুলিশ রিমান্ডের আবেদন করা হয়নি। আদালত তাঁকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দেন।

পাবনা সদর উপজেলার মজিদপুর গ্রামের আবদুল মালেকের ছেলে রাকিবুল ইসলামকে গত ২৮ অক্টোবর বেলা ১১টার দিকে টেবুনিয়া বাজারে অবস্থিত একটি ব্যবসায়িক কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয়। ঈশ্বরদীর যাজক লুক সরকারকে হত্যাচেষ্টা ও জঙ্গি সংশ্লিষ্টতার অভিযোগ ওঠায় রাকিবের মা ছেলেকে পুলিশের হাতে তুলে দিতে পরিবারের লোকজনকে জানান। গ্রেপ্তারের পর পাবনা আদালতে হাজির করা হলে পুলিশ ১০ দিনের রিমান্ড আবেদন করে। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। আজ রিমান্ড শেষে তাঁকে পাবনা আদালতে নেওয়া হয়।

গত ৫ অক্টোবর সকালে ঈশ্বরদীর যাজক লুক সরকারকে নিজ বাড়িতে গলা কেটে হত্যার চেষ্টা করেন তিন যুবক। ওই রাতেই তিনি অজ্ঞাত ওই যুবকদের বিরুদ্ধে ঈশ্বরদী থানায় মামলা করেন। এ মামলায় পুলিশ এর আগে পাবনা, সিরাজগঞ্জ ও ঢাকা থেকে সন্দেহভাজন পাঁচজনকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্য থেকে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পাবনার জেএমবির আঞ্চলিক কমান্ডার হিসেবে রাকিবুলের নাম উঠে আসে।