লুকিয়ে রাখতে না পেরে রিমনকে হত্যা করি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘মুক্তিপণের টাকা আদায় করে তা দিয়ে একটি প্রাইভেট কার কিনে ভাড়ায় খাটানোর পরিকল্পনা করে রিমনকে অপহরণ করি। আমার ধারণা ছিল, রিমনকে বাঁচাতে তার বাবা চার লাখ টাকা দেবেন। কিন্তু রিমনকে লুকিয়ে রাখা আমার পক্ষে কোনোভাবেই সম্ভব হয়নি। তাই বাধ্য হয়ে আমি তাকে হত্যা করি।’টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার চৈথট্ট গ্রামের আজিজুর রহমান ওরফে রিমনকে (৫) হত্যার ঘটনায় গ্রেপ্তার হওয়া একই গ্রামের মিনহাজ উদ্দীন (১৮) এ কথা স্বীকার করেন। টাঙ্গাইলের বিচারিক হাকিমের (ক-অঞ্চল) আদালতে গত মঙ্গলবার রাতে মিনহাজ স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। সোমবার রাতে ঘাটাইলের টিলাবাজার থেকে মিনহাজকে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয় র‌্যাব। এই হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগে পুলিশ চৈথট্ট গ্রামের জুয়েল (১৮) ও নূরজাহান (৫০) নামের আরও দুজনকে গ্রেপ্তার করেছে।মিনহাজ স্বীকার করেন, গত ৮ জানুয়ারি বিকেলে বাড়ির পাশে খেলার সময় তিনি রিমনকে ডেকে নিয়ে যান। কিন্তু অনেক চেষ্টা করেও রিমনকে কোথাও লুকিয়ে রাখতে পারছিলেন না। রিমন কান্নাকাটি শুরু করলে তাঁর ধরা পড়ার উপক্রম হয়। তাই বাধ্য হয়ে ওই দিন সন্ধ্যায় তিনি নিজ বাড়ির বাঁশঝাড়ে নিয়ে গলায় গামছা পেঁচিয়ে রিমনকে হত্যা করেন। মিনহাজ বলেন, রিমনকে হত্যার পর নিজেকে রক্ষায় তিনি রিমনের বাবার সঙ্গে সখ্য গড়ে তোলেন। রিমনকে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজিও করেন। এমনকি লাশ উদ্ধারের পর মামলায় সহযোগিতা করতে রিমনের বাবার সঙ্গে তিনি থানায়ও যান। ঘাটাইল থানার ওসি মোমিন রহমান বলেন, মিনহাজের একার পক্ষে হত্যাকাণ্ড ঘটনো সম্ভব হয়নি। এ ঘটনায় জড়িত অন্যদের খুঁজে বের করার চেষ্টা চলছে।