লুঙ্গি ‘অবমাননা’র প্রতিবাদ
‘লুঙ্গি পরে বারিধারায় প্রবেশ করা যাবে না’ এই নিয়মের প্রতিবাদ জানিয়েছেন ফেসবুকভিত্তিক কিছু তরুণ-তরুণী। গতকাল শনিবার বিকেল চারটায় তাঁরা সংসদ ভবনের সামনে থেকে লুঙ্গি পরে সাইকেল চালিয়ে বারিধারায় প্রবেশের চেষ্টা করেন। কিন্তু পুলিশের বাধায় তাঁদের শোভাযাত্রা ব্যাহত হয়।এ ঘটনায় পুলিশ আটজনকে আটকের পর মুচলেকা নিয়ে ছেড়ে দেয়।অভিযোগ রয়েছে, বারিধারা সোসাইটি অতি সম্প্রতি রিকশাচালকদের লুঙ্গি পরে সেখানে চলাচলের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে।পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, বিকেল চারটায় সংসদ ভবনের সামনে থেকে লুঙ্গি পরে সাইকেল চালিয়ে শোভাযাত্রা শুরু করেন প্রায় দেড় শ তরুণ। এ সময় বিডি সাইক্লিস্টসের প্রতিষ্ঠাতা সদস্য মো. মোজাম্মেল বলেন, ‘বারিধারা সোসাইটি বাঙালির চিরকালের পোশাক লুঙ্গিকে অবমাননা করতে পারে না। আমরা জানতে চাই, তারা কি এই আইন শুধু রিকশাচালকদের জন্য করেছে, নাকি সবার জন্যই। ওই সোসাইটি যদি সবার জন্য লুঙ্গি নিষিদ্ধ করে, তাহলে হয়তো আমাদেরকেও সেখানে প্রবেশ করতে দেবে না। আমরা সেটাই দেখতে চাই।’আয়োজকেরা জানান, এ শোভাযাত্রা সংসদ ভবনের সামনে থেকে কারওয়ান বাজার, হাতিরঝিল হয়ে গুলশান ১ নম্বর পর্যন্ত ঠিকমতো চলে। কিন্তু গুলশান ২ নম্বরের দিকে যেতেই তাঁদের বাধা দেওয়া হয়। ওই রাস্তার কর্তব্যরত পুলিশ ও ট্রাফিক মিলে শোভাযাত্রাটি গলি দিয়ে যেতে বাধ্য করে। সাইকেল শোভাযাত্রা পরে বনানী ব্রিজের ওপর দিয়ে বনানী ১১ নম্বর রোড হয়ে বনানী মাঠে গিয়ে থামে। সেখানে আগে থেকেই শোভাযাত্রায় যোগ দেওয়ার জন্য অপেক্ষা করছিলেন আরও প্রায় সাড়ে তিন শ নারী-পুরুষ। তাঁদের মধ্যে বিদেশিরাও ছিলেন। গামছা আর লুঙ্গি পরে ছিলেন তাঁরা।কিন্তু পুলিশ এই জমায়েতে বাধা দেয়। বনানী থানার উপপরিদর্শক (এসআই) আবু বকর বলেন, বনানী মাঠে এই অনুষ্ঠান বা জমায়েতের বিষয়ে স্থানীয় প্রশাসন কিছুই জানে না। তাই তাঁদেরকে শোভাযাত্রা করতে দেওয়া হবে না। পুলিশের অভিযোগ, শোভাযাত্রাকারীরা বারিধারায় বিশৃঙ্খলা করবেন, এমন গোয়েন্দা তথ্য তাদের কাছে আছে। আটক প্রসঙ্গে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, সাত-আটজন লুঙ্গি পরিহিত যুবক বারিধারায় ঘুরছিলেন। তাঁরা যাতে সেখানে বিশৃঙ্খলা তৈরি করতে না পারেন, তাই তাঁদেরকে ভাটারা থানা পর্যন্ত নেওয়া হয়। সেখানে তাঁদের পরিবারের উপস্থিতিতে মুচলেকা নিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। জানতে চাইলে রফিকুল ইসলাম আরও বলেন, ‘নতুন কমিটি বারিধারা এলাকার সৌন্দর্য বাড়াতে কয়েকটি নিয়মনীতি প্রণয়ন করে। এর মধ্যে একটি হচ্ছে রিকশাচালকদের লুঙ্গির বদলে প্যান্ট পরতে হবে। তিনি দাবি করেন, বারিধারার ওই কমিটি লুঙ্গি পরার যে নিয়ম চালু করেছে, তাতে কোনো বাধ্যবাধকতা নেই। কিন্তু ফেসবুকে এ নিয়ে অপপ্রচার হয়েছে।